সিরিজ সমতায় ফেরার সম্ভাবনা জিইয়ে রাখলো পাকিস্তান। দ্বিতীয় টেস্টে জয় পেতে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারীরা। চতুর্থ দিন সেই লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৪৯ রানে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
জ্যামাইকায় প্রথম ইনিংসে পাকিস্তানি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের ৯ উইকেটে করা ৩০২ রানের জবাবে ৩ উইকেটে ৩৯ রান নিয়ে দিন শুরু করেছিল ক্যারিবীয়রা। কিন্তু প্রতিরোধ করতে না পারায় গুটিয়ে গেছে ১৫০ রানে। ক্যারিয়ার সেরা ৫১ রানে ৬ উইকেট শিকার করেছেন পেসার শাহীন আফ্রিদি। তিনটি নেন আরেক পেসার মোহাম্মদ আব্বাস। এর পর ১৫২ রানে এগিয়ে থাকার সুযোগটাই কাজে লাগায় সফরকারীরা। ৬ উইকেটে ১৭৬ রান তুলে ঘোষণা করে দ্বিতীয় ইনিংসে। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৯ রানের।
এখন শেষ দিনের রোমাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামবে ২৮০ রান দূরে থেকে। ক্রিজে আছেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট (১৭) ও আলজারি জোসেফ (৮)।









