খুলনা শেষ আবু নাসের স্টেডিয়ামে দর্শকরা রবিবার দ্বিতীয় ম্যাচেও সাব্বির শো দেখেছেন। প্রথমে ব্যাটিং করে দর্শকদের মন মাতিয়েছেন। এরপর গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে ব্রেক থ্রু এনে দিয়েছেন। শুধু তাই নয়, পেয়েছেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। ২.১ ওভারে ১১ রান খরচায় ৩ উইকেট। সেই সঙ্গে ম্যাচ সেরার পুরস্কারও। তার ব্যাটিং-বোলিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকলো বাংলাদেশ। রবিবার টাইগাররা জয় পায় ৪২ রানে।
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বেশ আত্মবিশ্বাস নিয়ে সাব্বির রহমান রুম্মান বলেছিলেন দলের প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাটিং করতে পারবেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই দেখা গেল। ব্যাট হাতে ৩০ বলে ৪৩। যাতে ১টি চার ও ৩টি ছক্কার মার।
ব্যাট হাতে আলো ছড়ানোর পর বল হাতে কারিশমা দেখিয়ে নিয়েছেন ৩ উইকেট। ১১ রানের খরচে ৩ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ওয়ালটন প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাব্বির রহমান। আগের দিনও সাব্বির ৪৬ রান করেছিলেন।
প্রসঙ্গত, ১২ ম্যাচে বল হাতে ৫টি ইনিংসে বোলিং করেছেন সাব্বির রহমান। ১১ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল মাত্র একটি। রবিবার সেখানে তার উইকেট ৩টি। ১২ ম্যাচে সাব্বিরের মোট উইকেট এখন ৪টি। ব্যাটিং অলরাউন্ডার সাব্বির রহমান তবে কি ব্যাটে-বলে সমান পারদর্শী হয়ে উঠছেন।
ম্যাচ সেরার পুরস্কার পেয়ে সাব্বির রহমান বলেন, ‘উইকেট খুব ভালো ছিল। আমি যখন ক্রিজে যাই তখন বল খুব সুন্দর করে ব্যাটে আসছিল। আমার কাজ ছিল সৌম্যকে ব্যাটিংয়ে আনা। সে বড় শট খেলছিল। আমিও তার পাশে ভালোই খেলছিলাম। বোলিংয়ের শুরুটাও ভালো হয়েছে।’
এদিকে সাব্বিরের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘সাব্বির সবসময়ই ভালো খেলছে। বিপিএলের প্রথম দিকে স্কোর করতে পারেনি। তবে সেমিফাইনাল থেকে সে খুব ভালো করেছে। এখন সে খুব ভালো টাচে আছে। একই সঙ্গে ওকে বলেছি বোলিংটাও একটু দেখতে। একজন ব্যাটসম্যান হয়ে সে যদি হাত ঘোড়াতে পারে, এটা তার জন্য সুবিধার। ব্যাটসম্যান হিসাবে দারুণ করেছে। সেই সঙ্গে বোলিংটাও। এভাবে যদি বল করতে পারে সেক্ষেত্রে দলের জন্য ভালো হবে।’
নাসিরকে উৎসাহিত করে বোলিং নিয়ে এসেছিলেন। সাব্বিরের ক্ষেত্রেও কি এমনটাই ঘটছে। এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই তাকে উৎসাহিত করা হচ্ছে। সাব্বির হয়তো ক্ল্যাসিকাল লেগ স্পিনার নয়। তবে বেশ ভালো বোলার। ও যদি এটা নিয়মিত করতে পারে তবে তা ওর জন্য যতটা ভালো, তারচেয়ে দলের জন্য বেশি ভালো।’
/এমআর/







