ইদানিং বিতর্ক সঙ্গী করে সংবাদ শিরোনাম হচ্ছেন মাইকেল স্ল্যাটার। নতুন খবর হলো, সাবেক অজি ক্রিকেটার ও ধারাভাষ্যকার গ্রেফতার হয়েছেন পারিবারিক সহিংসতার অভিযোগে!
৫১ বছর বয়সী এই ধারাভাষ্যকারকে সিডনির ঘর থেকে গ্রেফতার করা হয় বুধবার। স্থানীয় গণমাধ্যম জানায়, এর পর তাকে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের ভাষ্য মতে, যে ঘটনার জন্য স্ল্যাটার অভিযুক্ত, সেটি ঘটেছে গত সপ্তাহে। ঠিক কী ধরনের সহিংস ঘটনা ঘটেছে, সেটি বিস্তারিত জানায়নি তারা। তবে এ বিষয়ে জানা গেছে যে, ওই ঘটনায় তার বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়নি এখনও। স্ল্যাটার নিজেও এ বিষয়ে মন্তব্য করেননি।
১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্রিকেট খেলা স্ল্যাটার অস্ট্রেলিয়ায় ভীষণ পরিচিত মুখ। বিভিন্ন সময় জটিল ইস্যুতে কথা বলে উত্তাপ ছড়িয়ে থাকেন। কোয়ারেন্টিন ইস্যুতে গত মে মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনেরও সমালোচনা করেন। ওই সময় আইপিএল ফেরত অজি ক্রিকেটারদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় ভীষণ ক্ষিপ্ত হন তিনি। স্ল্যাটার নিজেও সে সময় ভারতে অবস্থান করছিলেন। পরে তিনি বলে বসেন, এই সময়ে কারো মৃত্যু হলে সেজন্য দায়ী থাকবেন মরিসন! বিতর্কের কারণে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনও তাকে ছেড়ে দিয়েছে। তবে টেলিভিশনটি এর জন্য অর্থনৈতিক বিষয়কে দায়ী করেছে।









