বিপিএল খেলার সুবাদে বাংলাদেশকে খুব ভালো করেই চেনা নিকোলাস পুরানের। ২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সার্সে খেলেছেন। তার সতীর্থ ছিলেন আফিফ হোসেন, লিটন দাসের মতো বাংলাদেশি তারকারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এরাই কালকে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ। ক্যারিবীয়দের সহ-অধিনায়ক তাই মনে করেন, বিপিএল অভিজ্ঞতা তাকে ভীষণ ভাবে সহায়তা করবে।
বিপিএল-অভিজ্ঞ পুরান এ কথা বলতেই পারেন! ওই মৌসুমে ১১ ইনিংসে ৩৭৯ রান তুলেছিলেন। স্ট্রাইক রেটও ছিল ১৬০- এর মধ্যে। তার চেয়ে বেশি রান ছিল কেবল রাইলি রুশো, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। বিপিএল অভিজ্ঞতা নিয়ে পুরান বলেছেন, ‘এটা অনেক সহায়তা করবে। বাংলাদেশে কিছুটা সময় কাটিয়েছি। শুধু আমি নই, আমার দলের অনেকেই। আমাদের মাঝে ভালো বন্ধুত্বও আছে।’
এই বন্ধুত্বের সুবাদে প্রতিপক্ষের খুঁটিনাটি সম্পর্কেও সম্যক জ্ঞান আছে তাদের। যা ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পুরান, ‘ওদের আমরা খুব ভালো বুঝতে পারি। বাকিরাও যেহেতু একে অন্যকে চেনে। তাই বিষয়টা বোলার-ব্যাটার উভয় ক্ষেত্রেই অনেক ভালো সাহায্য করবে বলে মনে করি।’









