টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। টেস্টেও যে দেখবে, সেই আশা করা যাচ্ছে কই? বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স এবং পাকিস্তানের বিপক্ষে অতীত পরিসংখ্যান কোনও কিছুই যে তাদের পক্ষে নেই। স্বাভাবিকভাবেই পাকিস্তানের এক সাংবাদিক এই সিরিজকে ‘সহজ’ হিসেবে আখ্যা দিয়েছেন।
পাকিস্তানি ওই সাংবাদিকের কথার সঙ্গে একমত পোষণ করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমও। টেস্ট সিরিজ নিয়ে পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই, পুরো আত্মবিশ্বাস আছে। যেভাবে আমরা টেস্টে খেলছি ওয়েস্ট ইন্ডিজে, জিম্বাবুয়েতে ও দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আমার মতে দলটা বেশ স্থির ও অভিজ্ঞ। দল পারফর্ম করে আসছে এবং একটা দল হিসেবে খেলছে। আশা করি, এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা ভালো করবো।’
যদিও বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক পাকিস্তানের সাংবাদিক কিংবা অধিনায়ক কী বলছেন, সেটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না, ‘দেখেন টেস্ট পাঁচ দিনের খেলা। এখানে সেশনে সেশনে মোমেন্টাম পরিবর্তন হতে পারে। চার দিনে ১২টা সেশন আপনি জিতলেও শেষ দিনের ৩টা সেশন যদি আপনি না জেতেন, তাহলে ফল কিন্তু আপনার পক্ষে আসবে না। পাঁচ দিনে সবকটি সেশন যারা ভালো খেলবে, তারাই ম্যাচ জিতবে। এখানে একেক জনের আত্মবিশ্বাস একেক রকম। আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী। ওরা (পাকিস্তান অধিনায়ক ও সংবাদমাধ্যম) কী বলছে, তা নিয়ে আমি চিন্তা করছি না। আমি আমার পরিকল্পনাতেই অনড় থাকার চেষ্টা করছি।’
মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তান দল অনুশীলনে পতাকা ওড়ানোয় অনেক আলোচনা-সমালোচনা হয়। বৃহস্পতিবার অধিনায়ক বাবর আজমসহ পাকিস্তান দলের ২১ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নালিশি মামলা দায়েরের আবেদন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুমিনুল বলেছেন, ‘বাইরে কী হচ্ছে না হচ্ছে, তা আমার শোনার দরকার নেই বলে মনে করি। সেসব না শোনাই ভালো।’









