বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টির টিকিট নিতে গিয়ে বেঁধেছে লঙ্কাকাণ্ড! টিকিট প্রত্যাশিরা টিকিট না পেয়ে উত্তেজিত হয়ে খুলনার ইউসিবির সামনে ব্যাংকের জানালা বরাবর ইট পাটকেল নিক্ষেপ করেছেন।
আর পরিস্থিতি ইতোটাই গুরুতর ছিল যে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ প্রথমে লাঠিচার্জ ও পরে ফাঁকা গুলি বর্ষণ করে। প্রায় ১৫ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ প্রসঙ্গে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘টিকিট না পাওয়ার হতাশা থেকে লাইনে থাকা লোকজন উত্তেজিত হয়ে উঠে। হঠাৎ করেই তখন ব্যাংক লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ অবস্থায় ব্যাংকের সামনে থাকা পুলিশ সদস্যরা মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও সুফল না হওয়ায় পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। আর কোনও আহত হওয়ারও খবর নেই।’
উল্লেখ্য, জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে শুক্রবার খুলনার শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে। এই খেলার টিকিট বৃহস্পতিবার সকাল থেকে ইউসিবি থেকে বিক্রি শুরু হয়। আর সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন জমে যায়।
/এফআইআর/








