অজি পেসার প্যাট কামিন্সের তোপে অ্যাশেজের প্রথম টেস্টেই ব্যাকফুটে ইংল্যান্ড। শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়েও প্রথম ইনিংসে সফরকারীরা ১৪৭ রানে গুটিয়ে গেছে। অ্যাশেজে অধিনায়ক হিসেবে অভিষেকেই ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন প্যাট ক্যামিন্স।
৩৯ বছর পর ক্রিকেটে এমন বিরল ঘটনা ঘটলো। ১৯৮২-৮৩ মৌসুমে বব উইলসের পর প্রথম অধিনায়ক হিসেবে অ্যাশেজে পাঁচ উইকেট নিলেন কামিন্স। আর ১৪তম অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে এই কীর্তি গড়ার কৃতিত্ব দেখালেন।
ব্রিসবেনে ইংল্যান্ড আগে ব্যাটিং করতে নামলে প্রথম বলেই ওপেনার ররি বার্নসকে (০) বোল্ড করেন মিচেল স্টার্ক। টানা দুই ওভারে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড তুলে নেন ডেভিড মালান (৬) ও অধিনায়ক জো রুটকে। এরপর শুরু হয় প্যাট কামিন্সের তোপ। একে একে তুলে নেন ৫টি উইকেট। তার বোলিংয়র সামনে দাঁড়াতেই পানেনি ইংলিশ ব্যাটাররা।
যদিও ৬০ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ড প্রতিরোধ গড়ে ওলি পোপ ও জস বাটলারের জুটিতে। তাদের ৫২ রানের জুটি ভেঙেছেন মিচেল স্টার্ক। তার পর গুটিয়ে যেতে সময় লাগেনি। ওলি পোপের ব্যাট থেকে আসে ৩৯ রান এবং জস বাটলার খেলেন ৩৫ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার পেসার কামিন্স ১৩.১ ওভার বল করে ৩৮ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। এছাড়া দুটি করে পান স্টার্ক ও হ্যাজেলউড।









