করোনার থাবায় আবারও কোয়ারেন্টিনের মেয়াদ বেড়েছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নির্দেশে নতুন করে এমনটা করতে হচ্ছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, মুমিনুল হকের দল আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত যেন কোনও ধরনের অনুশীলনে অংশ না নেয়। বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হওয়ার কারণেই এমন কড়াকড়ি।
আগেই জানা গেছে, নিউজিল্যান্ডে বাংলাদেশ যে ফ্লাইটে গেছে, সেখানেই একজনের করোনা ধরা পড়েছে। তার সংস্পর্শে আসায় বাংলাদেশ দলের টেস্ট ও স্টাফ মিলিয়ে মোট ৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। যাদের মধ্যে হেরাথ করোনা পজিটিভ। বাকিরা ১৬ ডিসেম্বর অনুশীলনে অংশ নিলে তাদেরও অনুশীলন বন্ধ করতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফীস ইকবাল কড়াকড়ি আরোপের সত্যতা স্বীকার করে বলেছেন, ‘গতকাল অনুশীলনের অনুমতি ছিল। কিন্তু আজ নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে আমাদের অনুশীলন সেশন বাতিল করতে বলা হয়েছে।’
নাফীস ইকবাল জানালেন, সবার আরও এক দফা করোনা পরীক্ষা বাকি। তাতে নেগেটিভ হলেই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে কেউ পজিটিভ আছেন কিনা। তাহলেই বিধিনিষেধ থেকে মুক্তি মিলবে, ‘এখন পর্যন্ত তিনটি করোনা টেস্ট করা হয়েছে। এখনও একটি পরীক্ষা বাকি। কোয়ারেন্টিনের নবম দিনের পরীক্ষায় এই টেস্টে নেগেটিভ হলে আমরা এখান থেকে মুক্ত হতে পারবো।’
নতুন করো আরোপিত বিধিনিষেধের প্রভাব পড়েছে অনুশীলনে। আন্তদলীয় দুই দিনের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ২২ ডিসেম্বর। এখন এর তারিখ পরিবর্তিত হতে পারে। এছাড়াও সফরকারীদের নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা।








