৯৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন ডেভন কনওয়ে। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। যদিও শতক পূরণের পর বেশিক্ষণ টিকতে পারেননি। রান আউট হয়ে দিনের শুরুতেই তিনি ফিরলে উইকেট উদযাপনের উপলক্ষ দ্রুতই পায় বাংলাদেশ।
আজ (সোমবার) চলছে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন। বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৩৭৭ রান।
প্রথম দিন ভীষণ সংগ্রাম করতে হয়েছিল বাংলাদেশকে। সারাদিনে পেয়েছিল মোটে ১ উইকেট। উইল ইয়ংয়ের আউট হওয়ার পর দিন পার করে দিয়েছিলেন টম ল্যাথাম-কনওয়ে। তবে দ্বিতীয় দিনের শুরুতেই ভাঙলো তাদের ২১৫ রানের জুটি। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত থ্রোতে বাংলাদেশ পেয়ে যায় দ্বিতীয় উইকেট।
কনওয়ের রান আউটের দায় এড়াতে পারবেন না ল্যাথাম। তার ভুল ডাকে সাড়া দিয়ে কনওয়ে রানের চেষ্টা করতে গেলে দ্রুত দৌড়ে কাভার থেকে চমৎকার থ্রোতে সরাসরি স্টাম্প ভেঙে দেন মিরাজ। ফল, রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত কনওয়ে। যাওয়ার আগে অবশ্য দিনের প্রথম বলেই সেঞ্চুরি পূরণ করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত সময় পার করা এই ব্যাটার করেছেন ১০৯ রান। ১৬৬ বলের ইনিংসটি কনওয়ে সাজান ১২ বাউন্ডারি ও ১ ছক্কায়।
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়ে বাংলাদেশকে রীতিমতো শাসন করেছে নিউজিল্যান্ড। প্রথম দিনের ১ উইকেটে ৩৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে কিউইরা।









