কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেও জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে উড়িয়ে দিয়েছে কেনিয়াকে। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে বাংলাদেশের মেয়েরা। এরপর নাহিদা আক্তারের ঘূর্ণিজাদুই ছিল ম্যাচের মূল আকর্ষণ। তার বোলিংয়ে ১২.৪ ওভারে কেনিয়া অলআউট হয়ে গেছে ৪৫ রানে। তাতে ৮০ রানের বড় জয় পেয়েছে নিগার সুলতানার দল।
বুধবার মালয়েশিয়ার কিনরার ওভালে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। শুরুতে তারা টপ অর্ডারের ব্যর্থতায় কঠিন পরিস্থির মুখোমুখি হতে যাচ্ছিল। ৫০ রানে হারিয়ে ফেলে প্রথম ৬ উইকেট! সপ্তম উইকেটে সালমা খাতুন ও রিতু মনি মিলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১২৫ রান। সালমা ৩২ বলে ৩ চারে ৩৩ রানে অপরাজিত থাকেন। রিতু মনি ৩৪ বলে ৩ চারে খেলেন ৩৯ রানের ইনিংস। এছাড়া ওপেনিংয়ে নামা মোর্শেদা খাতুন খেলেন ১৯ বলে ২৬ রানের ইনিংস। এই তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নাহিদা আক্তারের ঘূর্ণিজাদুতে খেই হারান কেনিয়ার ব্যাটাররা। মাত্র ১২.৪ ওভারে ৪৫ রান তুলতেই হারায় সবকটি উইকেট। শ্যারন জুমা দলের একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ২০ বলে ৪ চারে ২৪ রান করেন কেনিয়ার এই ব্যাটার।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নাহিদা আক্তার। ৩.৪ ওভার বল করে ১২ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে কুড়ি ওভারের ক্রিকেটে এটাই সেরা বোলিং। এছাড়া সালমা, সুরাইয়া, রুমানা, সানজিদা একটি করে উইকেট নিয়েছেন।









