ভারতের তিন ফরম্যাটের ক্রিকেটে নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্বের স্বাদও পেয়েছেন। জনপ্রিয়তা তার উর্ধ্বমুখী। সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স তো আছেই। দুইয়ের মিশেলে লোকেশ রাহুল এখন ‘হট কেক’। এতটাই যে, আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকে বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন এই টপ অর্ডার ব্যাটার।
সামনের আইপিএলে দল বেড়েছে দুটি। ১০ দল নিতে হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি প্রতিযোগিতা। নতুন দুই দলের একটি লখনউ ফ্র্যাঞ্চাইজি। এখনও নাম ঠিক না হওয়া ফ্র্যাঞ্চাইজি রেকর্ড ১৭ কোটি রুপিতে রাহুলকে ঘরে তুলেছে। এবারের আইপিএলের মেগা নিলামের আগে অর্থের ঝনঝনানি শুনিয়ে দিলো লখনউ ফ্র্যাঞ্চাইজি।
এর আগে ২০১৮ সালের আসরে মেগা নিলামের আগে কোহলিকে ১৭ কোটি রুপিতে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার লখনউয়ে নাম লিখিয়ে অর্থের সেই অঙ্ক ছুঁয়ে ফেললেন রাহুল।
নিলামের আগে ধরে রাখা খেলোয়াড়দের নাম চূড়ান্ত করেছে দলগুলো। আগের আট ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চারজন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ পেয়েছিল। যদিও সবাই চারজন ধরে রাখেনি। অন্যদিকে নতুন দল- লখনউ ও আহমেদাবাদ নিলামের আগে সুযোগ পেয়েছে তিনজন খেলোয়াড় সরাসরি দলে নেওয়ার।
লখনউ ১৭ কোটি রুপিতে রাহুলকে সরাসরি ঘরে তোলার সঙ্গে দলে যোগ করেছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোইনিস ও ভারতীয় স্পিনার রবি বিষ্ণইকে।
অন্যদিকে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিও তাদের অর্থের দাপট দেখানো শুরু করেছে। সরাসরি তারা সাইন করিয়েছে হার্দিক পান্ডিয়া, রশিদ খান ও শুবমান গিলকে। যেখানে পান্ডিয়া ও রশিদকে দলে টানতে প্রত্যেকের জন্য খরচ করেছে ১৫ কোটি রুপি।








