গত অক্টোবর থেকে ফ্রান্সে থিতু হওয়ার চেষ্টা করে যাচ্ছেন লন্ডন অলিম্পিকে অংশ নেওয়া সাঁতারু আরিফুল ইসলাম। সহসা দেশে ফেরার সম্ভাবনাও নেই। সেখানেই ক্যারিয়ারের নতুন দিক খুঁজে নেওয়ার মিশনে রয়েছেন। তবে এভাবে তার দেশের বাইরে থিতু হওয়ার চেষ্টাকে ভালো চোখে দেখছে না সাঁতার ফেডারেশন।
আরিফুল গত এসএ গেমসে রুপা জিতেছিলেন। ২২ বছর বয়সেই সম্ভাবনাময়ী সাঁতারু হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন। ঠিক এই কারণেই তার দেশ ছেড়ে চলে যাওয়াতে ফেডারেশনের কর্মকর্তারা অনেকটাই হতাশ। ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ও এভাবে ফ্রান্সে চলে যাবে তা ভাবিনি। ওকে নিয়ে অনেক আশা। আগামী এসএ গেমসে সোনা জেতার সামর্থ্য আছে।’
এই অবস্থায় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে ফেডারেশন। সাধারণ সম্পাদক আরও বলেছেন, ‘এখন এভাবে দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি নির্বাহী কমিটির সভাতে আলোচনা হবে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেই সভাতে সিদ্ধান্ত হবে।’
যদিও আরিফুল আগেই বলেছেন, ট্রেনিং নেওয়ার জন্যই ফ্রান্সে আছেন। জাতীয় স্বার্থে প্রয়োজনে দেশে ফিরে সাঁতারে অংশ নেবেন। আর সেটা হবে ফেডারেশনের খরচে। তার পর আবার ফ্রান্সে ফিরে যাবেন! এমন শর্ত জুড়ে দেওয়ায় ফেডারেশন এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায়।









