বিকেএসপির চার নম্বর মাঠে এনামুল হক ও তামিম ইকবালের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিং করে রূপগঞ্জ ২৩০ রানের সাদামাটা লক্ষ্য দেয় প্রাইম ব্যাংককে। মাত্র ২৬.৪ ওভারে তামিম-এনামুলের অবিচ্ছিন্ন ২৩৪ রানের ওপেনিং জুটিতে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় প্রাইম ব্যাংক।
আজ (মঙ্গলবার) বিকেএসপির চার নম্বর মাঠে ২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার তামিম ও এনামুল। রূপগঞ্জের কোনও বোলারই এই দুই ব্যাটারের জন্য থ্রেট হয়ে উঠতে পারেননি। দুজন মিলে ২৩.২ ওভার আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান। এনামুল লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৪তম ও চলতি মৌসুমের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। সেঞ্চুরির পথে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এক মৌসুমে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এদিন ৮৪ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ওপেনার।
এদিকে সুপার লিগের দ্বিতীয় ম্যাচ থেকে প্রাইম ব্যাংকের জার্সিতে মাঠে নামা তামিমও পেয়েছেন সেঞ্চুরির দেখা। শেখ জামালের বিপক্ষে ৯০ রানের ইনিংস খেলা তামিম আজ ১০৯ রানে অপরাজিত থাকেন। ৮১ বলে ৯ চার ও ৭ ছক্কায় তার ইনিংসটি সাজান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটা তার ২০তম সেঞ্চুরি। এনামুলের পর তামিমের সেঞ্চুরিতে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় রূপগঞ্জ। এরপর মার্শাল আইয়ুব ও সাদ নাসিমের জোড়া হাফসেঞ্চুরিতে কোনোরকমে ২২৯ রান করতে পারে দলটি। মার্শাল ৯০ বলে ৫৮ ও সাদ ৯৪ বলে ৮৫ রান করেন। বাকি ব্যাটারদের মধ্যে দুই ওপেনার ইমরানুজ্জামান (২৩) ও জাকির হাসান (২৫) কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।
প্রাইম ব্যাংকের করিম জানাত ৪০ রানে ৪টি ও রুবেল হোসেন ৪৫ রানে ৪ উইকেট নিয়েছেন। বাকি ২ উইকেট রাকিবুল ও নাসির হোসেন ভাগাভাগি করে নিয়েছেন।








