আইপিএলের বিনিয়োগ বেড়েছে। সেই কথা ভেবে ম্যাচও বাড়ানো হচ্ছে এই টুর্নামেন্টের। ভবিষ্যতে দেখা যেতে পারে, এর জন্য আড়াই মাস কোনও আন্তর্জাতিক ম্যাচই হবে না! এমন সম্ভাবনার কথা শুনিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডেরই একজন শীর্ষ ব্যক্তি। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তাদের এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো লোকও আছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা বিরুদ্ধ পক্ষেরই সমর্থক।
রমিজ রাজার কথায় প্রকাশ পেলো আইসিসির কনফারেন্সে তীব্র বিরোধিতা করার জন্য অপেক্ষায় আছেন তিনি, ‘আসলে আইপিএলের এই উইন্ডোর বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত আসেনি। তবে আইসিসি কনফারেন্সে আমি এই ইস্যু নিয়ে অবশ্যই কথা বলবো।’
আইসিসির বর্তমান এফটিপি ২০১৮-২০২৩ সাল পর্যন্ত জন্য ঠিক হয়ে আছে। এর সমাপ্তি ঘটবে ৫০ ওভারের বিশ্বকাপ দিয়ে। তার পর পরবর্তী চক্র শুরু ২০২৪ সাল। ওই সময় আইপিএলের ম্যাচ সংখ্যা ৮৪ থেকে ৯৪ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহ। তিনি আরও ইঙ্গিত দেন, ‘পরবর্তী এফটিপি ক্যালেন্ডারে আইপিএলের জন্য দুই থেকে আড়াই মাসের একটা উইন্ডো থাকবে। যাতে বড় আন্তর্জাতিক তারকারা অংশ নিতে পারেন। আমরা বিভিন্ন বোর্ডসহ আইসিসির সঙ্গেও এ নিয়ে কথা বলেছি।’
কিন্তু রমিজ রাজা স্পষ্ট করে দিয়েছেন এই ধরনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করবে পিসিবি, ‘আমার কথা পরিষ্কার। বিশ্ব ক্রিকেটে যদি কোনও পরিবর্তনের কথা উঠে, তার মানে এক্ষেত্রে আমাদের এড়িয়ে যাওয়া হয়েছে। ফলে আমরা তীব্রভাবে বিষয়টির বিরোধিতা করবো। পাশাপাশি আইসিসির কাছে নিজেদের যুক্তিও উপস্থাপন করবো।’
এ সময় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার বিষয়েও নিজের মতামত জানান রাজা। তিনি বলেছেন, ‘সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আমার কথা হয়েছে। তাকে বলেছি, এই মুহূর্তে তিন সাবেক ক্রিকেটার বোর্ড পরিচালনা করছে। ফলে তারা যদি পরিবর্তন আনতে না পারে, তাহলে করবে কারা?’
তিনি আরও যোগ করেন, ‘গাঙ্গুলী গত বছর ও এই বছর আমাকে আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছিল। ক্রিকেটীয় যুক্তিতে বলে আমার যাওয়া উচিত ছিল। কিন্তু তখন পরিস্থিতির কথা বিবেচনা আমন্ত্রণ গ্রহণ করতে পারিনি।’








