প্রথম ওয়ানডেতে অসাধারণ লড়াই উপহার দিয়েও শেষ বলে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। শ্বাসরূদ্ধকর দ্বিতীয় ম্যাচেরও নিষ্পত্তি হলো শেষ ওভারে। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নামা ভারত ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে ২ উইকেটের ব্যবধানে। তাতে এক ম্যাচ হাতে রেখেই ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে (২-০)।
বলতে গেলে ক্যারিবীয়দের কাছ থেকে জয় ছিনিয়ে এনেছেন অক্ষর প্যাটেল। শেষ দিকে যখন হাল ধরার মতো কেউ ছিল না। ঠিক সে সময়ই নার্ভ ধরে ভারতের দ্বিতীয় দ্রুততম ফিফটি তুলে নিয়েছেন। ৩৫ বলে অপরাজিতও থেকেছেন ৬৪ রানে। অসাধারণ ইনিংসটিতে ছিল ৩টি চার ও ৫টি ছয়। আবেশ খানের অষ্টম উইকেটটি পড়ে ৪৮.৬ ওভারে। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। প্রথম বল ডট দিলেও পরের দুই বলে প্যাটেল-সিরাজ নেন সিঙ্গেল। তার পর তিন বলে প্রয়োজন পড়ে ৬। তখনই চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন অক্ষর।
তার আগে জয়ের মঞ্চ গড়তে অবদান ছিল ওপেনার শুভমান গিল, শ্রেয়াস আইয়ার ও সাঞ্জু স্যামসনের। গিল ৪৩ রান করেছেন। আইয়ারের ব্যাট থেকে আসে ৬৩ আর স্যামসন করেছেন ৫৪ রান। দীপক হুদাও ৩৩ রান করে অবদান রেখেছেন। ব্যাটারদের সমন্বিত ভূমিকাতেই জয় সম্ভব হয়েছে। তবে জয়ের জন্য বড় কৃতিত্ব দিতে হবে অক্ষরকেই।
শেষ ১০ ওভারে সফরকারীদের প্রয়োজন ছিল ১০০ রান। ক্রিজে তখন হুদা ও অক্ষর। এমন সময়ে ঝড়ো গতিতে খেলার বিকল্পও ছিল না। যা করে দেখান অক্ষরই। ২৭ বলে তুলে নেন দ্রুততম ফিফটি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮ রানে দুটি উইকেট নেন কাইল মায়ার্স। ৪৬ রানে ২টি নেন আলজারি জোসেফও।
টস জিতে প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে সংগ্রহ করেছিল ৩১১ রান। শততম ওয়ানডে খেলতে নেমে ওপেনার শাই হোপ সেঞ্চুরি করেছেন। ১৩৫ বলে ১১৫ রানে ফিরেছেন। অধিনায়ক নিকোলাস পুরানও ৭৪ রানের ইনিংস উপহার দিয়ে বড় সংগ্রহে অবদান রেখেছেন। কিন্তু দুজনের ইনিংস বৃথা গেলো শেষ পর্যন্ত।
ভারতের হয়ে ৫৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। একটি করে নেন দীপক হুদা, অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরাও হয়েছেন অক্ষর।









