ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৮০ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। নাঈম শেখের সেঞ্চুরির পর সাব্বির রহমান পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। তবে এশিয়া কাপের দল ঘোষণার আগে যাকে নিয়ে আলোচনা ছিলো সেই সৌম্য ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। শেষ পর্যন্ত নাঈম-সাব্বিরের পারফরম্যান্সে বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করেছে।
টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া বাংলাদেশ শুরুতেই উইকেট হারায়। দলীয় ১৪ রানে সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। কোনওভাবেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না এই ব্যাটার। বৃহস্পতিবার ১০ বলে মাত্র ৬ রান করে বাজে শটে আউট হন তিনি। এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে নাঈম শেখ প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। সাইফ ২৩ বলে ১৯ রান করে আউট হন।
অধিনায়ক মিঠুনের সঙ্গে তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে আউট হন নাঈম। ততক্ষণে সেঞ্চুরিতে পৌঁছে যান এই ব্যাটার। ১১৭ বলে ১৪ চার ও এক ছক্কায় নিজের ইনিংসটি সাজান জাতীয় দল থেকে বাদ পড়া এই ওপেনার।
সাব্বিরের ৫৮ বলে ৬২ রানের সময়োপযোগী ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ২৭৭ রানের সংগ্রহ দাঁড় করায়। সাব্বির ৬টি চার ও এক ছক্কায় নিজের ইনিংস সাজান। এর আগে ৪৭ বলে ২৪ রান করে আউট হন মিঠুন। শাহদাত হোসেন দিপুর ব্যাট থেকে আসে ২৪ এবং জাকির আলী অনিক খেলেন ১৮ রানের অপরাজিত ইনিংস।
ক্যারীবিয় বোলারদের মধ্যে শেরমন লুইস ও ব্রায়ান চার্লস দুইটি করে উইকেট নিয়েছেন।









