এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে খেলতে নামছে পাকিস্তান। গ্রুপ পর্বের লড়াইয়ে বাবর আজমরা হেরে যাওয়ায় এই ম্যাচ নিয়ে তারা একটু বেশি চিন্তিত। তাই কৌশল বের করছেন কীভাবে রোহিত শর্মাদের বোতলবন্দি করে রাখা যায়। ম্যাচের আগে নিজেদের কৌশলের কথা জানিয়েছেন, পাকিস্তানি পেসার হারিস রউফ। তিনি মনে করেন, ভারতকে হারাতে দ্রুত সাজঘরে পাঠানো দরকার সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়াকে।
হংকংকে হারানোর পর পাকিস্তান উইনিং মোমেন্টাম ধরে রাখতে মরিয়া। সে কারণেই প্রতিপক্ষের অপ্রতিরোধ্য দুই ক্রিকেটারকে দ্রুত ফেরানো প্রয়োজন। রউফের কথা, ‘ওদের দুজন ক্রিকেটার রয়েছেন- সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়া। দ্রুত দুজনের উইকেট নিতে হবে। যাতে পরের দিকে ওরা বিপদে পড়ে যায়। রান করার আগে কিছুটা সময় নেয় ওরা, আমরা সেটা দিতে চাই না। শুরুতে উইকেট নিতে পারলে ওদের বিপদে ফেলা যাবে।’
তবে সেটি করতে গেলে পুরোনো ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। রউফ মনে করেন, ‘ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচের ভুলগুলো পুনরাবৃত্তি করা যাবে না। আমাদের ভারতীয় ব্যাটারদের দুর্বলতার সুযোগ নিতে হবে।’
দুর্বলতার সুযোগ নিতে যত বেশি পারা যায় ডট বল দেওয়ার লক্ষ্য রউফের, ‘এই উইকেট মূলত পেসারদের সহায়তা দিচ্ছে। সুইংও যেমনটা পাচ্ছি, সেটা অসাধারণ। এখন পিচ দেখে আমাদের পরিকল্পনা করতে হবে। আমার লক্ষ্য হলো যত বেশি ডট বল দেওয়া যায়। যাতে উইকেট নেওয়া যায়। আর উইকেট নেওয়ার অন্যতম হাতিয়ার হলো ডট বল।’









