ভারতের স্পিনারদের ভেল্কিতে কুপোকাত দক্ষিণ আফ্রিকা। কুলদীপ যাদব-ওয়াশিংটন সুন্দরদের ঘূর্ণিতে ওয়ানডে ম্যাচে মাত্র ৯৯ রানে অলআউট প্রোটিয়ারা। তৃতীয় ওয়ানডেতে সহজ এই লক্ষ্য ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে টপকে গেছে ভারত। ৭ উইকেটের এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
আজ (মঙ্গলবার) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের ওপর চড়াও হন দলটির বোলাররা। কুলদীপ ৪.১ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ইনিংস শুরু করা সুন্দর ৪ ওভারে ১৫ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। আরেক স্পিনার শাহবাজ আহমেদ পেয়েছেন ২ উইকেট। পেস বোলিংয়েও সফল ভারত। মোহাম্মদ সিরাজ ৫ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। তাদের দুর্দান্ত বোলিংয়ে ২৭.১ ওভারে গুটিয়ে যায় সফরকারীরা।
৯৯ রানের স্কোরে বলার মতো কেউই কিছু করতে পারেননি। সর্বোচ্চ ৩৪ রান করেছেন হেনরিক ক্লাসেন। তিনি ছাড়া জানেমান মালান (১৫) ও মার্কো ইয়ানসেন (১৪) কেবল যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে।
১০০ রানের লক্ষ্যে খেলতে নেমে শিখর ধাওয়ান ৮ রানে বিদায় নিলেও আরেক ওপেনার শুবমান গিল একটুর জন্য জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি। ৫৭ বলে ৮ বাউন্ডারিতে করেন ৪৯ রান। ১০ রান করেন ইশান কিশান। আর জয় নিয়ে মাঠ ছাড়েন শ্রেয়াস আইয়ার (২৮*) ও সঞ্জু স্যামসন (২*)।
লুঙ্গি এনগিদি ও বিয়ন ফরচুন দুজনই নেন একটি করে উইকেট।
ম্যাচসেরা হয়েছেন কুলদীপ যাদব। আর সিরিজসেরা মোহাম্মদ সিরাজ।









