টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ডের সেমিফাইনাল একরকম নিশ্চিত ছিল। তবে কাগজে-কলমে কিছু বিষয় জড়িয়ে থাকায় সেটি ঝুলে ছিল তখনও। তবে দিনের অন্য ম্যাচে আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের পর এটা নিশ্চিত হয়ে যায় যে, নেট রানরেটে তারা কিউইদের আর ছাড়িয়ে যেতে পারবে না। তাই প্রথম ইনিংস পরই নিশ্চিত হয়ে যায় নিউজিল্যান্ডের সেমিফাইনাল ভাগ্য।
টুর্নামেন্টে প্রথম দল হিসেবেই নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠেছে। আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ানের শীর্ষ দল এখন তারা। কিউইদের নেট রাট রেট +২.১৩৩।
তাদের ছাড়িয়ে যেতে আফগানিস্তানের বিপক্ষে অজিদের জিততে হতো ১৮৫ রানের ব্যবধানে। কিন্তু স্বাগতিক দল ৮ উইকেটে ১৬৮ রানই করতে পেরেছে। তাছাড়া সেমিফাইনালের আরেক ফেভারিট ইংল্যান্ড ৪ ম্যাচে ৫ পয়েন্ট ও +০.৫৪৭ রান রেট নিয়ে দুই নম্বরে রয়েছে। শনিবার তারা শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে পয়েন্ট হবে ৭। অস্ট্রেলিয়াও আজ জিতলে পয়েন্ট সমান হয়ে যাবে। যেহেতু পয়েন্ট সমান হলে রান রেট বিবেচ্য। সেক্ষেত্রে জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে রান রেটে পেছনে ফেলতে আজ আফগানিস্তানকে ১০৬ বা আরও কম রানে আটকাতে হতো অস্ট্রেলিয়ার। কিন্তু সেটার সুযোগও হাতছাড়া হয়েছে। এখন শনিবার শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ড হারলেই কেবল শেষ চার নিশ্চিত হতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তাছাড়া আর কোনও সম্ভাবনা নেই।









