সাদা রঙের বর্ণমালায় সাজানো কালো পাঞ্জাবি, সাদা শাড়িতে কালো রঙের বাংলা বর্ণমালা- বিপিএলে আজ এমন রূপেই দেখা গেলো ধারাভাষ্যকারদের। দুই দলের ক্রিকেটাররাও পরেছিলেন বর্ণমালা সম্বলিত আর্মব্যান্ড। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতে এই দুই ম্যাচে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিসিবি। বিপিএলের বিশেষ এই আয়োজনের দিন রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭০ রানের জয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে কুমিল্লা টেবিলের দুই নম্বরে উঠে গেছে। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।
বিসিবির উদ্যোগে ভাষাশহীদদের স্মরণ করতেই এমন আয়োজন। বাংলাদেশি আতহার আলী কিংবা শামীম চৌধুরী ছাড়াও বিদেশি অবাঙালিরা বর্ণমালায় সাজানো শাড়ি ও পাঞ্জাবি পরে মাঠে উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ভারতীয় ধারাভাষ্যকার পামেলা সিং ভুটুরিয়া, ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যাম্ব্রোস, সাবেক পাকিস্তানি অধিনায়ক আমির সোহেল কিংবা রোশান আবেসিংহেও। ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ এই পোশাকের সঙ্গে প্রত্যেকের হাতে শোভা পেয়েছে বাংলা অক্ষর সম্বলিত আর্মব্যান্ড। দেখা গেছে খেলোয়াড়দের বাহুতেও।
ভাষার মাসকে শ্রদ্ধা জানাতে আজ (শুক্রবার) নির্ধারিত দুই ম্যাচেই সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন হচ্ছে বাংলায়। তবে বিদেশি কোনও ক্রিকেটার হলে সেটি ভিন্ন কথা। ম্যাচের মাঝামাঝি সময়ে ভারতীয় ধারাভাষ্যকার পামেলা কুমিল্লার পেসার মুগ্ধর সাক্ষাৎকার নিয়েছেন বাংলায়। শেষ দিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গেও তিনি বাংলায় কথা বলেছেন। জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায় হওয়াতে বাংলা ভাষায় তার দক্ষতা আছে।
বিশেষ ম্যাচটায় টস হেরে ব্যাট করতে নেমে লিটন, জাকের, খুশদিল ঝড়ে ৫ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করেছে কুমিল্লা। ২০ বলে ৪০ রান নিয়ে অপরাজিত ছিলেন খুশদিল। ৩টি ছয় ও ২টি চার হাঁকিয়েছেন এই পাকিস্তানি। তাছাড়া জাকের ২৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন। সর্বোচ্চ ৪৭ রান আসে লিটনের ব্যাট থেকে। তার ৩৩ বলের ইনিংসটি ছিল ৩ চার ও ৬ চারে সাজানো। মোহাম্মদ রিজওয়ান অবশ্য নিজের শেষ ম্যাচে বড় ইনিংসের দেখা পাননি। থিতু হয়ে ২১ বলে ২৪ রানের ইনিংস খেলে ফিরেছেন। ১ ছক্কায় অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ১৯ বলে ২০ রানের ইনিংস।
রংপুরের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আজমতুল্লাহ ওমরজাই। ১টি করে উইকেট নেন রাকিবুল হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
জবাবে খেলতে নেমে মোস্তাফিজের বোলিংয়ে ছত্রখান হয়ে যায় রংপুরের ব্যাটিং। মাত্র ১৭ ওভারে ১০৭ রানে অলআউট হয়েছে তারা। কোন ব্যাটারই দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারেননি। রহমতউল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস। আরেক আফগান ব্যাটার আজমতউল্লাহ ১৫ রানের ইনিংস খেলেছেন। রনি তালুকদার ১৩ ও রাকিবুল হাসান ১৬ রানের ইনিংস খেলেছেন।
মোস্তাফিজ ১৮ রানে তিনটি উইকেট নিয়েছেন। তানভীর ও সুনীল নারিন নিয়েছেন দুটি করে উইকেট। আন্দ্রে রাসেল নেন একটি করে উইকেট।









