দীর্ঘদিন ধরে ব্যাটে রান নেই। মঙ্গলবার হাসলো তার ব্যাট, কিন্তু আক্ষেপ থেকে গেলো। মোহাম্মদ মিথুন সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে আউট হন। তবে তার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব পেয়েছে ৭৮ রানের জয়, ম্যাচসেরাও হয়েছেন অধিনায়ক।
আগে ব্যাটিংয়ে নেমে ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে ৮ উইকেটে ২৯৫ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ৪৫.১ ওভারে ২১৭ রানে অলআউট শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
মিথুন ৯৭ বলে ১০ চার ও ৩ ছয়ে ৯৩ রানের সেরা ইনিংস খেলেন। এছাড়া আদিল আমিন অপরাজিত ছিলেন ৬৪ রানে। প্রান্তিক নওরোজ নাবিল ৪৩ ও আল আমিন ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
শাইনপুকুরের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফরহাদ রেজা।
লক্ষ্যে নেমে রুবেল হোসেনের বোলিং তোপে পড়ে শাইনপুকুর। এই পেসার চার উইকেট নেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন সঙ্গীত কোরে। এছাড়া মেহেদী হাসান রানা ৪৬ ও আমিনুল ইসলাম ৪১ রান করেন।
টানা তিন জয়ে প্রাইম ব্যাংক ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।








