সংখ্যালঘু কিশোরী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর নেপাল ক্রিকেট নিষিদ্ধ করেছিল তাদের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানেকে। ওই মামলায় এখন তিনি জামিনে মুক্ত। নিষেধাজ্ঞাও উঠিয়ে নেওয়া হয়েছে। নিজেকে নির্দোষ দাবি করা এই স্পিনার অবশ্য মাঠের সময়টা কাজে লাগাচ্ছেন। শুক্রবার গড়েছেন বিশ্ব রেকর্ড।
এসিসি মেন’স প্রিমিয়ার কাপে ওমানের বিপক্ষে ম্যাচে আদিল শফিকের উইকেট নিয়ে গড়েছেন অনন্য কীর্তি। ডানহাতি লেগস্পিনার এখন ওয়ানডের সবচেয়ে দ্রুততম একশ উইকেট শিকারি। তিনি পেছনে ফেলেছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানকে। ২০১৮ সালে ৪৪ ম্যাচ খেলে শততম উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক হন তিনি। তার চেয়ে দুটি কম ৪২ ম্যাচ খেলে নতুন রেকর্ডধারী হলেন লামিচানে।
নেপাল ক্রিকেট টুইটারে অভিনন্দন জানান লামিচানেকে, ‘অভিনন্দন। নেপালের সন্দীপ লামিচানে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। ৪২ ম্যাচ খেলে সবচেয়ে দ্রুততম ১০০ ওয়ানডে উইকেটের মাইলফলকে, আগের রেকর্ডধারী আফগানিস্তানের রশিদ খানের চেয়ে দুটি কম ম্যাচ খেলে।’
গ্রুপ পর্বের এই ম্যাচে নেপাল ৮৪ রানে হারিয়েছে ওমানকে। আগে ব্যাট করে তারা ৮ উইকেটে ৩১০ রান করে। জবাবে ওমান ৪৬.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয় ওমান।









