ইনজুরি আঘাত হেনেছে পাকিস্তানের ক্যাম্পে। পরিবর্তন এসেছে নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের শেষ তিন ওয়ানডের দলে।
পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম ওয়ানডের আগ দিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন ব্যাটার হ্যারিস সোহেল। পিসিবি জানায়, প্রাথমিক স্ক্যান সন্তোষজনক। তবে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে অংশ নিতে পারেননি।
৩৪ বছর বয়সী সোহেল গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে আগের সিরিজে খেলেছেন। তিন বছর পর পাকিস্তানের ওয়ানডে দলে ফেরেন তিনি। চলতি সিরিজেও রাখা হয়েছিল তাকে। কিন্তু ফিল্ডিং ড্রিলের সময় আকস্মিকভাবে পড়ে বাঁ কাঁধে চোট পান।
এই ইনজুরির কারণে সোহেলের বিশ্বকাপ সম্ভাবনাও অনিশ্চিত। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। তাই তাকে না পাওয়া হবে বড় ধাক্কা। আগামী আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান, পরে এশিয়া কাপ। কিন্তু সেই দলে ৪৫ ওয়ানডে খেলা সোহেলের সম্ভাবনা কতটুকু, জানতে অপেক্ষা করতে হবে।
এদিকে ইফতিখার টি-টোয়েন্টিতে ঝড় তুলতে অভ্যস্ত হলেও ওয়ানডেতে অভিজ্ঞতা বেশ কম। ৩২ বছর বয়সী ব্যাটার মাত্র ১০ ওয়ানডে খেলেছেন। ৯ ইনিংসে ১৩২ রান, সেরা ইনিংস অপরাজিত ৩২।








