ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কঠোর মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ে বসার পর থেকে পাকিস্তানের জন্য ইতিবাচক কিছু হয়নি বলে এই সাবেক অলরাউন্ডারের মত। ভবিষ্যতে ভারতীয় সরকারপ্রধানের কাছ থেকে কোনও কিছু প্রত্যাশা করেন না আফ্রিদি।
সামা টিভিকে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘মোদি ক্ষমতায় আসার পর থেকে আপনি পাকিস্তানের পক্ষে যায় এমন কিছু তার কাছে আশা করতে পারবেন না। একদম সহজ কথা এটা। ইতিহাসই এই কথা বলবে। শুরুর দিকে বিজেপি যখন ক্ষমতায় ছিল, আগের প্রধানমন্ত্রীদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল।’
মোদির কাছ থেকে কোনও প্রত্যাশা নেই আফ্রিদির। ৪৬ বছর বয়সীর মতে, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শুধু পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করেন। তিনি বলেন, ‘আমি শুধু মোদির কথা বলছি। তার কাছ থেকে আমার কোনও প্রত্যাশা নেই। সে কেবল আমাদের ক্ষতি করবে। আমাদের (পাকিস্তান) পক্ষে তাকে কোনও কিছু করতে দেখলাম না।’
এর আগে দোহায় অনুষ্ঠিত লিজেন্ডস লিগ ক্রিকেটের সাইডলাইনে দাঁড়িয়ে আফ্রিদি মোদিকে ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আয়োজনের আহ্বান করেন, ‘আমি মোদি সাহেবকে বলবো, দুই দেশের ক্রিকেট হতে দিন।’









