ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে রবিবার (২৮ মে) দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সংঘ মুখোমুখি হয়েছে কেরানীগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমির। লতা মণ্ডলের সেঞ্চুরিতে খেলাঘর ২৮২ রানের লক্ষ্য দিয়েছিল। কিন্তু কঠিন লক্ষ্যে খেলতে নেমে ফাহিম খাতুন ও সানজিদা আক্তারের ঘূর্ণিতে ৩৬ রানে অলআউট হয়েছে কেরানীগঞ্জ। তাতে লতা মণ্ডলরা ২৪৫ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে।
ফতুল্লায় ২৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে স্পিন বিষে নীল হয়েছে কেরানীগঞ্জ। অধিনায়ক শাহনাজ পারভীন ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ২৪ বলে ১০ রান করেন শাহনাজ। বাকি ব্যাটারদের নম্বরগুলো ছিল মোবাইল ডিজিট। ৩৬ রান করলেও ৩৪ ওভারে গিয়ে অলআউট হয়েছে তারা।
৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে লেগস্পিনার ফাহিমা খাতুন একাই কেরানীগঞ্জকে ধসিয়ে দিয়েছেন। এছাড়া সানজিদার শিকার ৭ রানে তিনটি উইকেট। পূজা চক্রবর্তী, সুলতানা খাতুন ও বৃষ্টি দাস একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে দলীয় ৭২ রানে দুই ওপেনার দিলারা আক্তার (৪৭) ও সানজিদা আক্তার (১৯) সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে লতা মণ্ডল ও তাজ মিলে গড়েন ১২০ রানের জুটি। তাজ ৭৫ বলে ৫২ রান করে আউট হলেও লতা তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান। ১০১ বলে ৯ চারে লতা অপরাজিত থাকেন ১০০ রানে। এছাড়া স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ঝড়ো ২৫ বলে ৪১ রানের ইনিংস। সব মিলিয়ে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮১ রানে থামে খেলাঘর।
কেরানীগঞ্জের বোলারদের মধ্যে শাহনাজ পারভিন সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া টুম্পা চৌধুরী ও শারমিন আক্তার নিয়েছেন একটি করে উইকেট।
আবাহনী-সিটি ক্লাব
এদিকে, বিকেএসপির এক নম্বর মাঠে সিটি ক্লাবকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আবাহনী। রবিবার আগে ব্যাটিং করে আবাহনীর বোলিং তোপে ১২৪ রানে থামে সিটি ক্লাব। জবাবে খেলতে নেমে আবাহনী ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
টস জিতে সিটি ক্লাব ব্যাটিংয়ে নামলে ইসমা তানজিম ও ফাতেমা জাহান সোনিয়ার বোলিং তোপে পড়ে। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেছেন তমালিক সুমনা। এছাড়া ফাতেমা তুজ জোহরা ২০, জান্নাতুল ফেরদৌস ১৯ ও শিবানী রানী ১৪ রানের ইনিংস খেলেছেন। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সিটি ক্লাব তুলতে পারে ১২৪ রান।
আবাহনীর বোলারদের মধ্যে ফাতেমা ১৩ রানে নেন চারটি উইকেট। ইশমা নেন দুটি উইকেট।
১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে আবাহনী ৩৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। কিন্তু চতুর্থ উইকেটে শিবানী সিং ও শম্পার অবিচ্ছিন্ন ৯০ রানের জুটিতে ৩২.২ ওভারেই ম্যাচ জিতে যায় আবাহনী। শিবানী ৩২ ও শম্পা ৩৫ রানে অপরাজিত থাকেন। আফিয়া খেলেন ২৭ রানের ইনিংস।
সিটি ক্লাবের বোলারদের মধ্যে সোমা রানী ও জান্নাতুল ফেরদৌস একটি করে উইকেট নিয়েছেন।









