আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণার একদিন পর টি-টোয়েন্টি স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন পেসার এবাদত হোসেন ও ব্যাটার আফিফ হোসেন। টানা ৬২টি টি-টোয়েন্টি খেলে রেকর্ড গড়া যে আফিফকে ইংল্যান্ড সিরিজে ছুড়ে ফেলা হয়েছিল, এক সিরিজ বিরতি দিয়েই তাকে আবার ফিরিয়ে এনেছেন নির্বাচকরা। আগের দিন ওয়ানডে সিরিজের দলেও ফিরেছেন। ঈদের আগে আফিফের কাছে এ যেন ঈদ-আনন্দ।
ঘরের মাঠে গত মার্চে অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে ঘোষিত দল থেকে দুটি পরিবর্তন হয়েছে। যদিও আগের সিরিজের দল ছিল ১৪ জনের। এবার ঘোষণা করা হয়েছে ১৫ জনের দল।
টানা ৬১টি ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়ার পর আফিফ হোসেনকে থামতে হয় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে। তার পর আয়ারল্যান্ডের বিপক্ষেও ডাক পাননি এই বাঁহাতি। তবে গত প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করার পুরস্কার হাতেনাতেই পেলেন তিনি। মূলত জাকির আলী অনিকের জায়গাতে সুযোগ পেয়েছেন। আর আইরিশদের বিপক্ষে সুযোগ পেয়েও কোনও ম্যাচ না খেলেই অনিককে বাদ পড়তে হয়েছে।
এদিকে, টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়ানডেতে সুযোগ পেয়েছেন এবাদত। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা এই পেসারকে তাই ফেরানো হয়েছে টি-টোয়েন্টি সিরিজেও। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে খেলেছিলেন তিনি। ৪ টি-টোয়েন্টিতে তার উইকেট ৭টি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে ১৪ ও ১৬ জুলাই।
টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।








