অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিন অস্ট্রেলিয়াকে বেশি দূর যেতে দেয়নি ইংল্যান্ড। ৩৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণার পর অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৩৮৬ রানে রুখে দিয়েছে। তাতে ইংল্যান্ড ৭ রানের লিড পেয়েছে যদিও। কিন্তু দ্বিতীয় ইনিংসে শুরুতেই তাদের দুই ওপেনারকে বিদায় দিয়ে নিজেদের সুবিধাজনক জায়গায় রেখেছে অজিরা। তবে বৃষ্টির কারণে ভেসে গেছে দিনের বেশিরভাগটাই। বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ার আগে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ছিল ২ উইকেটে ২৮ রান। তারা এগিয়ে আছে ৩৫ রানে।
বৃষ্টি বিঘ্নিত দিনটা অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৩১১ রান নিয়ে শুরু করেছিল। আগের দিনের হাফসেঞ্চুরিয়ান অ্যালেক্স ক্যারি বেশি দূর যেতে পারেননি। ৬৬ রানে অ্যান্ডারসনের বলে বোল্ড হয়েছেন। তার পর রবিনসনের বলে বোল্ড হয়েছেন সেঞ্চুরিয়ান উসমান খাজাও (১৪১)। তার ইনিংসে ছিল ১৪ চার ও ৩ ছয়ের মার। খাজার বিদায়ে প্রতিরোধ দুর্বল হয়ে পড়লে ৩৮৬ রানে শেষ হয় অজিদের প্রথম ইনিংস। অধিনায়ক কামিন্স শেষটায় ৩৮ রানে অবদান রেখেছেন।
৫৫ রানে তিনটি উইকেট নিয়েছেন ওলি রবিনসন। ৬৮ রানে সমসংখ্যক উইকেট নেন স্টুয়ার্ট ব্রডও। ১৪৭ রানে দুটি শিকার করেছেন হাতে স্প্রে ব্যবহার করে জরিমানার শাস্তি পাওয়া মঈন আলী। ৩৩ রানে একটি নিয়েছেন বেন স্টোকস।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করলে সাত ওভার পর নামে বৃষ্টি। ৭৫ মিনিট বিলম্বের পর বিনা উইকেটে ২৬ রান নিয়ে তারা খেলা শুরু করেছিল। কিন্তু তখনও মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছিল। খেলা হয়েছে ফ্লাডলাইটের আলোয়। নতুন করে বর্ষণ শুরু হওয়ার আগে ২০ মিনিট খেলা সম্ভব হয়েছে। তার মধ্যেই প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড চার বলের মধ্যে বিদায় দেন দুই ইংলিশ ওপেনার বেন ডাকেট (১৯) ও জ্যাক ক্রলিকে (৭)। বৃষ্টির কারণে ৪৭.৩ ওভারের খেলা নষ্ট হয়েছে। একই আবহাওয়া বিরাজ করছে পঞ্চম দিনেও।








