ধর্মশালার পাহাড়বেষ্টিত শহরে আগামী ৭ ও ১০ অক্টোবর আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
পুনেতে ১৯ অক্টোবর ভারত ও ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতায় ২৮ ও ৩১ অক্টোবর তাদের প্রতিপক্ষ কোয়ালিফায়ার ১ ও পাকিস্তান।
এছাড়া চেন্নাই, মুম্বাই ও দিল্লিতে খেলবে বাংলাদেশ। ১৪ অক্টোবর নিউ জিল্যান্ড, ২৪ অক্টেবার দক্ষিণ আফ্রিকা ও ৬ নভেম্বর কোয়ালিফায়ার ২ এর মুখোমুখি হবেন তামিম ইকবালরা।
সূচি প্রকাশের পর তামিম এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা সর্বোচ্চ ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনও কিছু তুলনা হয় না কারণ এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং সাদা বলের ফরম্যাট, যেটা ক্রমাগত আপনার সচেতনতা ও মেজাজের পরীক্ষা নিতেই থাকে। টুর্নামেন্টের গঠন আপনাকে নির্ভার থাকার সুযোগ দেয় না। প্রতিটি দল কঠিন এবং কোনও ম্যাচই সহজ নয়।’
তিনি আইসিসিকে আরও বলেন, ‘ভারতে খেলা সবসময় খুব উপভোগ্য। দারুণ সব স্টেডিয়াম, ক্রিকেট ভক্তদের অপরিসীম জ্ঞান অভিজ্ঞতাকে পরিপূর্ণ করে তোলে। আমরা সেখানে খেলতে গিয়ে সবসময় দারুণ সমর্থন পেয়েছি।’
তামিম যোগ করেন, ‘বিশ্বকাপে আমাদের দল নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা খুব উচ্চ পর্যায়ে পারফর্ম করছি এবং বিশ্বকাপ বাছাইয়ে আমরা অন্যতম শীর্ষস্থানীয় দল ছিলাম। অভিজ্ঞতা ও প্রতিভার দারুণ সম্মিলন এবং কন্ডিশন বেশ জানাশোনা।’
সব মিলিয়ে লিগ ম্যাচে ৪৫ দল একে অন্যের মুখোমুখি হবে। ছয়টি ম্যাচ হবে দিনের, বাংলাদেশ সময় শুরু হবে সকাল ১১টায়। অন্য ম্যাচ হবে বেলা আড়াইটায়।
বাংলাদেশের বিশ্বকাপ সূচি
৭ অক্টোবর- প্রতিপক্ষ আফগানিস্তান, ধর্মশালা
১০ অক্টোবর- প্রতিপক্ষ ইংল্যান্ড, ধর্মশালা
১৪ অক্টোবর- প্রতিপক্ষ নিউ জিল্যান্ড, চেন্নাই
১৯ অক্টেবার- প্রতিপক্ষ ভারত, পুনে
২৪ অক্টোবর- প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, মুম্বাই
২৮ অক্টেবার- প্রতিপক্ষ কোয়ালিফায়ার ১, কলকাতা
৩১ অক্টোবর- প্রতিপক্ষ পাকিস্তান, কলকাতা
৬ নভেম্বর- প্রতিপক্ষ কোয়ালিফায়ার ২, দিল্লি
১২ নভেম্বর- প্রতিপক্ষ অস্ট্রেরিয়া, পুনে (দিবা ম্যাচ)








