জিম্বাবুয়েতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ। এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হওয়ার আগেই প্রতিটি দল একজন করে মার্কি ক্রিকেটার নেওয়ার সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে তাকে দলে টানে জোবার্গ বাফেলোস। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তাসকিন আহমেদ পেলেন এই টুর্নামেন্টের দল। বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলবেন এই পেসার।
আগামী ২০ থেকে ২৯ জুলাই হবে জিম আফ্রো টি-টেন লিগ। রবিবার এই টুর্নামেস্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানেই ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে প্রথম রাউন্ডেই দল পান তাসকিন। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ। মুশফিকের জোবার্গ ও তাসকিনের বুলাওয়ে ছাড়া বাকি দলগুলো হলো- হারারে হারিকেনস, ডারবান কালান্দার্স ও কেপ টাউন স্যাম্প আর্মি। আসরের সবগুলো ম্যাচের ভেন্যু জিম্বাবুয়ের হারারে।
অন্তত ১৬ জন করে ক্রিকেটারকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিরা তাদের দল গোছাতে পারবে। এই ১৬ জনের মধ্যে জিম্বাবুয়ের কমপক্ষে ছয়জন ক্রিকেটার থাকা বাধ্যতামূলক। এর মধ্যে একজন ক্রিকেটার থাকবেন ইমার্জিং ক্যাটাগরির। এছাড়া নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো চারজন করে মার্কি ক্রিকেটার সরাসরি দলভুক্ত করার সুযোগ পায়। মার্কি ২০ ক্রিকেটারের মধ্যে জিম্বাবুয়ে থেকে আছেন কেবল ফর্মের তুঙ্গে থাকা সিকান্দার রাজা।
বুলাওয়ে ব্রেভস: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), অ্যাস্টন টার্নার (অস্ট্রেলিয়া), টাইমাল মিলস (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট (অস্ট্রেলিয়া), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), বিয়াও ওয়েবস্টার (অস্ট্রেলিয়া) তাসকিন আহমেদ (বাংলাদেশ)









