ভারত ও পাকিস্তান মাঠে নামলেই ছড়ায় উত্তেজনার রেণু। এশিয়া কাপে দুই দলের লড়াইয়ের আগেও তার ব্যতিক্রম হয়নি। দুই দেশের দর্শক-সমর্থকরা বাবর আজম ও রোহিত শর্মাদের প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাখির চোখ করে আছে। শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হবে দুই দল। কিন্তু ক্রিকেটপ্রেমীদের উত্তেজনায় জল ঢালতে প্রস্তুত বিরূপ আবহাওয়া।
শনিবার ক্যান্ডিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুলতানে স্বাগতিক পাকিস্তান ও নেপালের ম্যাচ কোনও বাধাবিঘ্ন ছাড়াই শেষ হয়েছে। কিন্তু শ্রীলঙ্কায় বৈরি আবহাওয়া চোখ রাঙাচ্ছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচেও বৃষ্টির আভাস ছিল। হয়েছেও, কিন্তু কয়েক মিনিট বন্ধ ছিল। কভার দিয়ে পিচ ঢাকার আগেই থেমে গেছে বৃষ্টি। তাই ম্যাচে কোনও প্রভাব পড়েনি।
তবে শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে খুব একটা ভালো খবর নেই। আবহাওয়া দফতর অনুযায়ী, ভারত-পাকিস্তানের ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খেলা চলাকালে আকাশে মেঘ থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯৪ শতাংশ। এদিন ক্যান্ডি শহরের তাপমাত্র থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি থাকতে পারে চার ঘণ্টা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টসে।








