পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুই কর্মকর্তা ফেঁসে গেছেন। চলতি এশিয়া কাপে জুয়া সংশ্লিষ্টতায় শাস্তি পেতে যাচ্ছেন বোর্ডের মিডিয়া প্রধান উমর ফারুক ক্যালসন ও জিএম (আন্তর্জাতিক ক্রিকেট) আদনান আলী। বেশ কিছু ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে তাদের ক্যাসিনোতে যাওয়ার প্রমাণ মিলেছে।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, একটি টুর্নামেন্ট চলাকালে দলের সদস্য ও কর্মকর্তাদের কোনও ধরনের জুয়ার স্থানে যাওয়া নিষিদ্ধ। এ কারণেই দুজন বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
অবশ্য অভিযুক্ত দুজনেরই দাবি, তারা ডিনার করতে গিয়েছিলেন ক্যাসিনোতে। তাদের এমন যুক্তি হেসে উড়িয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটার ও নেটিজেনরা।
ক্রিকেট লেখক ওমর আলাভি লিখেছেন, ‘কে খাবার খেতে ক্যাসিনোতে যায়? খাবার খেতে কারা যায় জুয়ার স্থানে? তারা কাকে বোকা বানাতে চেষ্টা করছে? তারা দেশে ফেরার পর কঠোর শাস্তি পেতে যাচ্ছে।’
আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট তাদের তলব করে তদন্ত শুরু করতে পারে। কোনও টুর্নামেন্ট চলাকালে পাকিস্তানি কর্মকর্তাদের ক্যাসিনোতে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়।
২০১৫ বিশ্বকাপ চলাকালে পাকিস্তানের তৎকালীন প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মঈন খানকেও ক্রাইস্টচার্চের একটি ক্যাসিনোতে স্ত্রীসহ দেখা যায়। তিনিও ডিনার খেতে সেখানে যাওয়ার দাবি করেন। তাতে আমল দেয়নি পিসিবি। মাঝপথে তাকে দেখে ফিরিয়ে এনে বরখাস্ত করেন তখনকার বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান। বর্তমান কর্মকর্তাদের ভাগ্যেও হয়তো এমন কিছুই জুটতে পারে।









