২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে উদ্বোধনী দিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আতিথ্য দেবে চেন্নাই সুপার কিংস।
বৃহস্পতিবার শুরুর ২১ ম্যাচের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেখানে সূচি থাকছে ৭ এপ্রিল পর্যন্ত। ভারতের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হলে সূচিতে পরিবর্তনও আসতে পারে। আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মে। এর পাঁচদিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
জাতীয় নির্বাচনের দিনক্ষণ প্রকাশ পেলে পরবর্তী সূচি ঘোষণা করা হবে। প্রথম পর্বের সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচ শুরু হবে ভারতের স্থানীয় সময় রাত ৮টায়। পরবর্তী ম্যাচগুলো সাধারণ নিয়ম নেমে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। আর দিনে দুটি ম্যাচ থাকলে প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায়।
প্রাথমিক সূচিতে দিনে দুটি ম্যাচ থাকছে চারদিন। ওপেনিং ম্যাচ দিয়েই মহেন্দ্র সিং ধোনি মাঠে ফিরবেন। মার্চের প্রথম সপ্তাহে তিনি চেন্নাইয়ে পৌঁছাবেন। অনুশীলন করবেন দলের সঙ্গে। গত মৌসুমে চেন্নাইকে শিরোপা জিতিয়ে হাঁটুর সার্জারি করিয়েছেন তিনি।
আইপিএলে সব মিলে ৭৪টি ম্যাচ খেলা হবে।








