গত বছর অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন প্যাট কামিন্স। আইপিএল নিলামে তার চাহিদা এতটাই বেশি ছিল যে, ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। যদিও সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে তারই অস্ট্রেলিয়া সতীর্থ মিচেল স্টার্ক কয়েক ঘণ্টার ব্যবধানে তাকে ছাড়িয়ে যান, ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয়। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ককে নেতৃত্ব দিতে যাচ্ছে হায়দরাবাদ।
হায়দরাবাদের বর্তমান প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি জাতীয় দলে কামিন্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই অস্ট্রেলিয়া অধিনায়ককে দায়িত্ব দেওয়া হচ্ছে। তাছাড়া গত দুই মৌসুম ধরে দলটির নেতৃত্ব দেওয়া এইডেন মার্করাম হতাশ করেছেন। যদিও এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপকে টানা দুইবার শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার।
এদিকে হায়দরাবাদের বোলিং কোচ ডেল স্টেইন আগামী মৌসুমে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ব্যক্তিগত কারণে থাকতে পারবেন না বলে টিম ম্যানেজমেন্ট ও ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার। তবে পরের মৌসুমে তিনি ফিরবেন বলে আশাবাদী। এরই মধ্যে স্টেইনের উত্তরসূরি নির্বাচন করেছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। নতুন বোলিং কোচ জেমস ফ্রাঙ্কলিন। ২০১১ ও ২০১২ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলা নিউজিল্যান্ড অলরাউন্ডার প্রথমবার আইপিএলে কোচিং করাবেন।








