টি-টোয়েন্টি বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে আসল লড়াইয়ে নামবে সাকিব-শান্তরা। সমর্থকদের দৃষ্টিও সেখানে। সোমবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ব্র্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত হয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। তার কাছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে বলেছেন, ‘আশা তো অবশ্যই ভালো কিছু করবে।’
দল ঘোষণা করা হলেও বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড এখনও দেখার সুযোগ হয়নি মাশরাফির। তবে দল হিসেবে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন সাবেক তারকা, ‘(স্কোয়াড) দেখিনি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। আমিও তাই চাই। কমন কিছু খেলোয়াড় দেখেছি, শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো দল এখনও দেখিনি।’
সাকিবের কাছে প্রত্যাশা নিয়ে মাশরাফি বলেছেন, ‘সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নেই। সবসময় বেস্ট পারফর্মার, বেস্ট পারফরম্যান্স আশা করবো।’









