দীর্ঘদিন বিরতি দিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের ক্যাম্প। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পারফরম্যান্স করা ২৫ জন ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে এই ক্যাম্প, যাদের মধ্যে অধিকাংশই সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দল থেকে।
মঙ্গলবার ক্যাম্প শুরু হলেও সোমবার রিপোর্টিং করেছেন প্রত্যেকে। কাল থেকে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ঢাকা, বগুড়া ও রাজশাহীতে চলবে এইচপি ক্যাম্প। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এই ক্যাম্পে ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, পুষ্টি ও খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন ও আইন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন নিয়ে জ্ঞান দেওয়া হবে।
আগামী ১৫ জুন পর্যন্ত তাত্ত্বিক বিষয়ের এসব কোর্স চলবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা পর্বে তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর রাজশাহী ও বগুড়ায় হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন। ২১ জুন থেকে ১৮ আগস্ট ক্যাম্প হবে বগুড়া ও রাজশাহীতে। সেখানে ম্যাচ সিনারিও অনুশীলন, নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ 'এ' ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষেও ম্যাচ খেলবে এইচপির এই দলটি।
এইচপিতে আছেন যারা
ওপেনিং ব্যাটার: মাহফিজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান সোহান, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান।
মিডল অর্ডার ব্যাটার: আরিফুল ইসলাম, এসএম মেহরুব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।
অলরাউন্ডার: মাহফুজুর রহমান রাব্বী, শেখ পারভেজ জীবন।
স্পিনার: রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব।
পেসার: রুয়েল মিয়া, রিপন মণ্ডল, আশিকুর জামান, রোহানত দৌলা বর্ষণ।







