সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ে, তাদের একত্রিত করে খেলাধুলা ও বৃহত্তর সম্প্রদায়ের মাঝে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বহুসাংস্কৃতিক কর্ম পরিকল্পনার অংশ হিসেবে বহুসাংস্কৃতিক দূত কার্যক্রম ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (সিএ)। সেখানে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪জন। তারা হলেন- সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার রানার আপ কিশোয়ার চৌধুরী, তার বাবা ও সমাজসেবী কামরুল চৌধুরী এবং অস্ট্রেলিয়ার জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফার্মাসিস্ট স্বরূপ আফসার।
বিভিন্ন ক্ষেত্রের ৫৪জন প্রতিনিধির মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম, ভারতের সাবেক তারকা রবি শাস্ত্রী, সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আরনল্ড, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন গঙ্গাও।
ঘোষিত দূত কার্যক্রমের এই তালিকায় সাবেক ও বর্তমান খেলোয়াড়রা রয়েছেন। রয়েছেন শিল্প, গণমাধ্যম, সরকার, ব্যবসায়ী ও বিভিন্ন সম্প্রদায়ের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও। যাদের দায়িত্ব হচ্ছে ওই কর্ম পরিকল্পনায় বৈচিত্র্য আনা এবং এর লক্ষ্যপূরণে সহায়তা করা।
দূতদের তালিকায় আরও রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা, অজিদের নারী দলের সাবেক অলরাউন্ডার লিসা স্টালেকার, অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, গুরিন্দার সান্ধু, ফাওয়াদ আহমেদ ও তানভীর সাংহা।
বিভিন্ন ক্ষেত্রের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা মূলত পাঁচটি বিশেষ লক্ষ্য নিয়ে কাজ করবেন। প্রাথমিকভাবে তারা দুই বছরের জন্য নিযুক্ত হয়েছেন। যা মূলত অস্ট্রেলিয়ান ক্রিকেটের কৌশলগত পরিকল্পনার একটি অংশ।









