জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের একমাত্র টেস্টে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম উঠেছে জিম্বাবুয়ে উইকেটকিপার ক্লাইভ মাদান্দের। কিপার হিসেবে এক ইনিংসে বেশি বাই দেওয়ার নজির গড়েছেন তিনি। বাই হিসেবে দিয়েছেন ৪২ রান। মাদান্দের আগের রেকর্ডটি টিকে ছিল ৯০ বছর!
২৪ বছর বয়সীর এটা ছিল ডেব্যু টেস্ট ম্যাচ। কিন্তু অভিষেক টেস্টটা অস্বস্তিকর হয়ে থাকলো তার জন্য। বৃহস্পতিবার আউট হয়েছেন ডাক মেরে। আর বাই দেওয়ার সুবাদে আয়ারল্যান্ডও প্রথম ইনিংসে লিড পেয়ে যায় ৪০ রানের। জিম্বাবুয়ের ২১০ রানের জবাবে তারা প্রথম ইনিংসে করেছে ২৫০ রান! অবশ্য বাই দেওয়ার এই নজিরের জন্য দায়টা পুরোপুরি তার নয়। জিম্বাবুয়ে বোলাররা বেশিরভাগ ডেলিভারি দিয়েছেন লেগ সাইডের বাইরে। তার ওপর ব্যাট অতিক্রম করার সময় দেরি করে সুইং করেছে বল।
মাদান্দে এটা ভেবে স্বস্তি পেতে পারেন আগের রেকর্ড করা ইংল্যান্ডের লেস অ্যামেস ছিলেন কিংবদন্তি একজন। যাকে বিবেচনা করা হয় সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটার হিসেবে! অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৩৪ সালে দ্য ওভালে ৩৭ রান বাই দিয়েছিলেন তিনি। অজিরা তুলেছিল ৩২৭ রান।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২১০ রানের জবাবে আয়ারল্যান্ড ২৫০ রান করেছে পিটার মুরের সর্বোচ্চ ৭৯ রানের সুবাদে। তার পর দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১২ রান নিয়ে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। তারা ২৮ রানে পিছিয়ে।









