টেস্টের এক নম্বর ব্যাটার হিসেবে কেন উইলিয়ামসনের দিন শেষ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্স করে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ডের জো রুট।
ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচে সিরিজ সেরা ২৯১ রান করেছেন রুট। তৃতীয় ও শেষ টেস্টে তার ৮৭ রানের ইনিংস তাকে শীর্ষে বসাতে বড় ভূমিকা রেখেছে। গত বছর এই আসনটি নিজের করে নেন উইলিয়ামসন।
২০১৫ সালের আগস্টে প্রথমবার এক নম্বর টেস্ট ব্যাটার হন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৩২তম টেস্ট সেঞ্চুরি করে সর্বকালের সেরা রান সংগ্রাহকের তালিকায় সাতে ওঠেন তিনি।
রুটের দাপুটে ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন নিউজিল্যান্ডের ব্যাটার উইলিয়ামসন। পাকিস্তানের বাবর আজম (৩), নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (৩), অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ (৫) ও ভারতের রোহিত শর্মা (৬) প্রত্যেকেই এক ধাপ করে এগিয়েছেন। ইংল্যান্ডের হ্যারি ব্রুক উইন্ডিজের বিপক্ষে ব্যর্থ হয়ে চার ধাপ নেমে সাতে।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস চার ধাপ এগিয়ে ৩০তম স্থানে। তার সতীর্থ মার্ক উড (ছয় ধাপ এগিয়ে ২০তম) ও গাস অ্যাটকিনসন (চার ধাপ এগিয়ে ৪৬তম) উল্লেখযোগ্য উন্নতি করেছেন।









