আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ শুরুর একদিন আগেই একাদশ জানিয়ে দিলো ইংল্যান্ড। ম্যানচেস্টারে ক্রিস ওকস ব্যাট করবেন সাতে, বেন স্টোকসের অনুপস্থিতিতে ফিরেছেন ম্যাথু পটস।
২০২২ এর গ্রীষ্ম থেকে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন পটস। সাদা পোশাকে ছয় ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ রানে চার উইকেট তার সেরা বোলিং।
দ্য হান্ড্রেডে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে ছিটকে গেছেন স্টোকস। পুরো গ্রীষ্মেই আর দেখা যাবে না তাকে। তার অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে আসছে পরিবর্তন। সাতে ওকস, ছয়ে জেমি স্মিথ ব্যাট করবেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে আঙুলের চোট পাওয়া জ্যাক ক্রলির বদলে ড্যান লরেন্সকে ওপেনিংয়ে খেলানোর ইঙ্গিত আগেই দিয়েছিল ইংল্যান্ড। আর স্টোকসের অনুপস্থিতিতে ওলি পোপকে নেতৃত্ব দেওয়ার ঘোষণাও এসেছিল আগেই। ৮২তম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি। সহঅধিনায়ক করা হয়েছে হ্যারি ব্রুককে।
ইংল্যান্ড একাদশ: ড্যান লরেন্স, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক (উইকেটকিপার), জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, মার্ক উড, শোয়েব বশির।








