রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। তাদের ঘরের মাটিতে এবারই প্রথম কোনও দল ১০ উইকেটের বড় ব্যবধানে জয়ের নজির গড়েছে। লজ্জাজনক হারের পর সমালোচনার মুখে পড়েছেন শান মাসুম, বাবর আজমরা। তবে দ্বিতীয় টেস্টে স্বাগতিকরা ঘুরে দাঁড়াবে বলে আশা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির। পাশাপাশি ঐতিহাসিক জয়ের জন্য তিনি বাংলাদেশকে অভিনন্দনও জানিয়েছেন।
টেস্টে এবারই প্রথম বাংলাদেশের কাছে পাকিস্তান হারের স্বাদ পেয়েছে। ১৩ টেস্টে পাকিস্তানের জয় ছিল ১২টিতে। ড্র ছিল কেবল একটি। অবশেষে সেই ধারায় ছেদ টেনেছে সফরকারী নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। পিসিবি প্রধান মোহসিন নাকভি বাংলাদেশকে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়ে প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল চমৎকারভাবে খেলেছে। পুরো ম্যাচেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। প্রথমবার পাকিস্তানকে হারিয়ে এটা ছিল তাদের ঐতিহাসিক এক জয়। তাদের হৃদয়ের অন্তস্থল থেকে জানাই অভিনন্দন।’
পিসিবি চেয়ারম্যান পাকিস্তান দলের হারকে দুর্ভাগ্যজনক হিসেবে দেখছেন। যেভাবে পারফর্ম করার কথা ছিল সেটা দেখাতে পারেননি তারা। তবে আশা করছেন, শান মাসুদের নেতৃত্বাধীন দলটি দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে, ‘দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান তাদের প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি। ইনশাহআল্লাহ তারা দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে।’
দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৪৮ রানে অলআউট হওয়ায় মাত্র ৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। সেই লক্ষ্য সফরকারীরা ৬.৩ ওভারেই তাড়া করে কোনও উইকেট না হারিয়ে। একই ভেন্যুতে ৩০ আগস্ট দ্বিতীয় টেস্ট শুরু হবে।









