আগামী ১৮ অক্টোবর থেকে ওমানের মাসকটে শুরু হচ্ছে পুরুষদের টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ বুধবার রাতের ফ্লাইটে দেশ ছাড়ছেন আকবর আলীরা। দেশ ছাড়ার আগে বুধবার বিকালে গণমাধ্যমের মুখোমুখি হন ইমার্জিং দলের অধিনায়ক আকবর। তিনি জানিয়েছেন, এই টুর্নামেন্ট অনেক চ্যালেঞ্জিং হলেও তাদের লক্ষ্য ফাইনালে খেলা।
দুটি গ্রুপে আটটি দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। টেস্ট খেলুড়ে ৫টি দেশ ছাড়া সহযোগী আরও তিনটি দেশ এবার অংশ নেবে। সহযোগী দেশগুলোর জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিলেও এশিয়ার টেস্ট খেলুড়ে দেশগুলোর বয়সভিত্তিক ‘এ’ দল টুর্নামেন্টে অংশ নেবে। টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দেশগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা ‘এ’, বাংলাদেশ ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। এছাড়া ‘বি’ গ্রুপে আছে ভারত ‘এ’ , পাকিস্তান ‘এ’, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক ওমান।
১৮ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী দিনে বাংলাদেশ ও হংকং মুখোমুখি হবে। একই দিন মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। একদিন বিরতি দিয়ে ২০ অক্টোবর বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে, প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ খেলবে আকবর আলীর দল। পাকিস্তান ও ভারতের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর।
গ্রুপ পর্ব শেষ করে ২৫ অক্টোবর দুটি সেমিফাইনাল মাঠে গড়াবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৫টায়।
টুর্নামেন্ট নিয়ে আকবর বলেছেন, ‘দ্বিপাক্ষিক সিরিজ থেকে টুর্নামেন্ট সব সময়ই চ্যালেঞ্জের। আমার মনে হয় যারা টেস্ট খেলুড়ে দেশ বাদে বাকিদের দলটা জাতীয় দলই খেলবে। সবমিলিয়ে টুর্নামেন্ট চ্যালেঞ্জিং হবে। যারা কন্ডিশন মানিয়ে নিয়ে নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারবে, তারাই এগিয়ে থাকবে। ইনশাআল্লাহ ২৭ তারিখে ফাইনাল খেলার চেষ্টা করবো।’
যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর। বিশ্বকাপ জেতার ৪ বছর পেরিয়ে গেলেও এখনও কোথাও থিতু হতে পারেননি। অথচ তার সতীর্থদের অনেকেই তারকা হয়ে গেছেন। ঘরোয়া ক্রিকেটে বেশিরভাগ ম্যাচেই নিচের দিকে ব্যাটিংয়ের সুযোগ পান তিনি। মাঝে মধ্যে উপরে সুযোগ পেলেও সেটাও কাজে লাগাতে ব্যর্থ হন। এবার উপরে ব্যাটিংয়ের সুযোগ পেলে কাজে লাগাবেন বলে জানালেন, ‘ব্যাটার হিসেবে সব সময় চিন্তা থাকে যত বেশি সম্ভব বল খেলা। সেখানে (ওমানে) গিয়ে এই সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করবো কিছু করার।’
এদিকে টিম ম্যানেজমেন্ট এই টুর্মামেন্টে আকবরকে মিডল অর্ডারে সুযোগ দিতে চায়। দলটির কোচ সোহেল ইসলাম বলেছেন, ‘আকবরকে আমরা চিন্তা করছি মিডল অর্ডারে ব্যাটিং করানোর। একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। বিপিএল কিংবা ঢাকা লিগে ও যতটা নিচে ব্যাটিং করে, এখানে ইচ্ছা আছে তাকে মিডল অর্ডারে খেলানোর।'
সোহেল ইসলামের মতে ইমার্জিং কাপের মতো টুর্নামেন্টগুলো ক্রিকেটারদের জাতীয় দলে প্রস্তুত করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, ‘আমি বলবো যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম, যারা সম্ভাবনাময়ী খেলোয়াড় তাদের জন্য। আপনারা জানেন যে এবার ইমার্জিং দলটা যেভাবে তৈরি করা হয়েছে, এখানে কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। কিছু তরুণ ক্রিকেটার আছে। আসলে সবার জন্য এটা ভালো সুযোগ। এখান থেকে কিছু খেলোয়াড় তৈরি হবে ভবিষ্যতের জন্য।’








