ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ক্যারিবিয়ানে। এই সিরিজের আগে কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে বাংলাদেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। তিনি সিনিয়র সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশি ব্যাটারদের নিয়ে কাজ করছেন তিনি।
প্যানেলে সালাউদ্দিনকে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে নেই ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তাছাড়া সফরকারীদের বহরে নেই ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখও। তার পরিবর্তে ভারতীয় অ্যানালিস্ট অক্ষয় হিরামাথকে দলে ভেড়ানো হয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন কর্মকর্তা শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুটো পরিবর্তন এসেছে সাপোর্ট স্টাফ গ্রুপে। ডেভিড হেম্প আর মহসিন শেখ এই সিরিজে নেই।
শুক্রবার শুরু হচ্ছে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগায় প্রথম টেস্ট শেষে ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডের সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। ৮, ১০ ও ১২ ডিসেম্বর তিনটি ওয়ানডে খেলবে দুই দল। এরপর সেন্ট ভিনসেন্টে ১৬,১৮ ও ২০ ডিসেম্বর মাঠে গড়াবে কুড়ি ওভারের সিরিজ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি
২২-২৬ নভেম্বর, প্রথম টেস্ট, অ্যান্টিগা-রাত ৮টা
৩০ নভেম্বর-৩ ডিসেম্বর, দ্বিতীয় টেস্ট, জ্যামাইকা, রাত ৯টা
৮ ডিসেম্বর, প্রথম ওয়ানডে, সেন্ট কিটস, সন্ধ্যা সাড়ে ৭টা
১০ ডিসেম্বর, দ্বিতীয় ওয়ানডে, সেন্ট কিটস, সন্ধ্যা সাড়ে ৭টা
১২ ডিসেম্বর, তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস, সন্ধ্যা সাড়ে ৭টা
১৬ ডিসেম্বর, প্রথম টি-টোয়েন্টি, সেন্ট ভিনসেন্ট, ভোর ৬টা
১৮ ডিসেম্বর, দ্বিতীয় টি-টোয়েন্টি, সেন্ট ভিনসেন্ট, ভোর ৬টা
২০ ডিসেম্বর, তৃতীয় টি-টোয়েন্টি, সেন্ট ভিনসেন্ট, ভোর ৬টা








