কিউইদের কাছে লজ্জার হোয়াইটওয়াশের পরও অস্ট্রেলিয়াকে হুঁশিয়ার করে দিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরা। তিনি বলেছেন, সর্বশেষ সিরিজের হতাশা পেছনে ফেলে নতুন করে শুরু করতে চাইছে ভারতীয় দল।
শুক্রবার পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারতের প্রথম টেস্ট। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ছুটিতে আছেন বলে এই টেস্টের নেতৃত্ব পেসার বুমরার ওপর। তিনি জানিয়েছেন, অতীত ভুলে সামনে তাকিয়ে তার দল, ‘ক্রিকেটের সৌন্দর্য হচ্ছে জিতলেও শুরু থেকে শুরু করতে হয়। এবং হারলেও সেই শুরু থেকে শুরু। আমি এই ম্যাচকে সেভাবেই দেখছি।’
নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় ঘরের মাঠে ১২ বছর পর সিরিজ হেরেছে ভারত। সেই হার নিয়ে বুমরা বলেছেন, ‘অবশ্যই আমরা ব্যাপারটাতে ভীষণ হতাশ। এটা ভেবেও খারাপ লাগছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা ভালো যায়নি। তবে সেই সিরিজ থেকে কোনও কিছু আমাদের গ্রাস করছে না। আমরা সম্পূর্ণ নতুনভাবে শুরু করছি ভিন্ন জায়গা থেকে। আর দলে এই পরিবর্তন থেকেও অনেক কিছু শেখা গেছে।’
এই সিরিজে দুই দলকে নেতৃত্ব দেবেন দুই দলের দুই অভিজ্ঞ পেসার। অস্ট্রেলিয়ার অধিনায়ক পেসার প্যাট কামিন্স। ভারতের জসপ্রীত বুমরা। নিজের নতুন দায়িত্ব নিয়ে বুমরা বলেছেন, ‘আমি দায়িত্ব নিতে পছন্দ করি। আর কঠিন দায়িত্ব নিতে পছন্দ করি সেই ছোটবেলা থেকে। কখনও কাউকে অনুসরণ করে কাজ করিনি। সব সময় নিজের সহজাত প্রবৃত্তি অনুসারেই ক্রিকেটটা খেলেছি।’








