জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই তাণ্ডব চালালেন সিলেট বিভাগের জিসান আলম। ঢাকার বিপক্ষে মাত্র ৫২ বলে উপহার দিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। নারায়ণগঞ্জের এই তরুণের বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ উইকেটে ২০৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট।
সাবেক জাতীয় ক্রিকেটার জাহাঙ্গীর আলমের ছেলে জিসানের শুরুটা ছিল ধীরস্থির। ওপেনিংয়ে নেমে ২৭ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। তার পরই শুরু করেন ঝড়। ৩৯ বলে পূরণ করেন প্রথম হাফসেঞ্চুরি। সেঞ্চুরি স্পর্শ করতে লাগে মাত্র ১৩টি বল। সেঞ্চুরির পর বামহাতি স্পিনার নাজমুল ইসলামে ঘূর্ণিতে বোল্ড হয়েছেন। ফেরার আগে ৪টি চার ও ১০ ছক্কায় ফিরেছেন শতরানেই।
অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা জিসানের আগের দুই ম্যাচে স্কোর বেশি ছিল না। মাত্র ১৫ রান করেছিলেন। জিসানের আউটের পর তৌফিক ২৯, অমিত হাসান ২৬ ও মাহফুজুর রহমান ৩০ রানের অপরাজিত ইনিংস খেলে স্কোরবোর্ড সমৃদ্ধ করেছেন।
ঢাকার হয়ে নাজমুলই ছিলেন সেরা বেলার। ২৮ রানে নিয়েছেন দুটি উইকেট।







