শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করায় প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার সোনাল দিনুশা ও ওপেনিং ব্যাটার লাহিরু উদারা। ২৯ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে আছেন তারা।
গত ১১ জানুয়ারি অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়া পাথুম নিসাঙ্কার বিকল্প হিসেবে রাখা হয়েছে উদারাকে। নিসাঙ্কা ফিটনেস ফিরে পেলে একাদশে থাকবেন।
ধনঞ্জয়া ডি সিলভা সপ্তাহ দুয়েক আগে প্রথম শ্রেণির ম্যাচে সাইড স্ট্রেইনে রিটায়ার্ড হার্ট হন। তার নেতৃত্বেই দল ঘোষণা করা হয়েছে।
লেগস্পিনার জেফ্রি ভ্যান্ডারসে ও অফস্পিনার নিশান পেইরিস আছেন স্কোয়াডে। স্পিন আক্রমণের নেতৃত্ব প্রবাথ জয়াসুরিয়ার কাঁধে। সিম বোলিং বিভাগে আছেন আসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা ও মিলান রত্নায়েকে।
ব্যাটিং লাইন প্রত্যাশিতভাবে আছেন দিমুথ করুণারত্নে, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। মিডল অর্ডারের পাশাপাশি কিপিং সামলাবেন সাদিরা সামারাবিক্রমা।
শ্রীলঙ্কা টেস্ট দল: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, পাথুম নিসাঙ্কা (সাবজেক্ট টু ফিটনেস), ওশাডা ফার্নান্ডো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, সোনাল দিনুশা, প্রবাথ জয়াসুরিয়া, জেফ্রি ভ্যান্ডারসে, নিশান পেইরিস, আসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা, মিলান রত্নায়েক।









