ব্লেসিং মুজারাবানির আগুন বোলিংয়ে বিপর্যয় দেখেছিল আয়ারল্যান্ড। লোরকান টাকার, এন্ডি ম্যাকব্রিন ও মার্ক অ্যাডায়ার মান বাঁচান। তবে বুলাওয়েতে একমাত্র টেস্টের প্রথম দিন শিরোনামে মুজারাবানি। একাই সাত উইকেট নেন তিনি।
আয়ারল্যান্ডকে ২৬০ রানে গুটিয়ে দেওয়ার পর জিম্বাবুয়ে ১ উইকেটে ৭২ রানে দিন শেষ করে। প্রথম ইনিংসে ১৮৮ রানে পিছিয়ে তারা।
আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ঘণ্টাতেই ৩১ রানে ৫ উইকেট হারায় আইরিশরা। টাকার ও ম্যাকব্রিন ৪২ বলে ৫১ রানের জুটিতে দলকে বিপদ থেকে উদ্ধার করেন।
টাকার ৩৩ রানে থামলে ম্যাকব্রিন ও অ্যাডায়ারের ১২৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। অ্যাডায়ার ৭৮ রানে আউট হলে এই জুটি বিচ্ছিন্ন হয়।
তারপর একাই একপ্রান্ত আগলে রেখেছিলেন ম্যাকব্রিন। ১৩২ বলে ১৪ চারে ৯০ রান করে অপরাজিত ছিলেন।
মুজারাবানি ৭ উইকেট নেন ৫৮ রান খরচায়।
জবাব দিতে নেমে ২৬ রানে ওপেনিং জুটি ভাঙে। নিক ওয়েলচ ও তাকুদজোয়ানাশে কাইতানোর ৪৬ রানের জুটিতে পিছিয়ে থাকার ব্যবধান দুইশর কমে নিয়ে আসে।
কাইতানো ২৬ ও ওয়েলচ ৩৩ রানে অপরাজিত ছিলেন।









