বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যাটিং করেছেন চার নম্বর পজিশনে। বিশেষ করে সর্বশেষ এশিয়া কাপ থেকে তিনি এই পজিশনে ব্যাটিং করছেন। তবে ৩ নম্বরে পজিশনে ব্যাটিং করার রেকর্ড তার অনেক। ওই পজিশনে টানা দশবার ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
তুলনামূলক বিচার করলে সাকিব সবচেয়ে বেশি সফল তিন নম্বরে। টি-টোয়েন্টিতে সাকিবের হাফসেঞ্চুরি বর্তমানে ৬টি। এর মধ্যে তিন নম্বরে নেমে ৫টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। বাকি অর্ধশতকটি এসেছে পাকিস্তানের বিপক্ষে চার নম্বরে ব্যাটি করে। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে সাকিবের টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ রান তিন নম্বরে ব্যাটিং করেই। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে পাল্লাকেল্লেতে ৮৪ রানের ইনিংস খেলেছেন তিন নম্বর ব্যাটিং পজিশনেই। সবমিলিয়ে সাকিব এই পজিশনে খেলতে চাইবেন সেটিই স্বাভাবিক।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে দল আমার কাছে কী চাচ্ছে? এটাই গুরুত্বপূর্ণ বেশি। আমাকে যদি কেউ অপশন দেয়, সেক্ষেত্রে আমি তিন নম্বর পজিশনটাই বেছে নেব। টিমের পরিস্থিতি, টিমের চাহিদা অনুযায়ি যেভাবে করা দরকার আমি সেভাবে ব্যাটিং করার চেষ্টা করছি। যদি টিম ম্যানেজম্যান্ট মনে করে আমার তিনে ব্যাটিং করার উচিত সেক্ষেত্রে আমি জন্য প্রস্তুত আছি।’ তিনি আরও যোগ করেন, ‘তবে আমার ব্যক্তিগত মতামত জানতে চাইলে, আমি বলবো আমি তিনে ব্যাটিং করতে চাই। কারণ আমি ওখানে ব্যাটিং করতে পছন্দ করি। তবে টিমের স্বার্থে যেখানে খেলাবে, সেখানে খেলতে প্রস্তুত আছি।'
গত কিছুদিন ধরেই বাংলাদেশ দলে নিয়মিতভাবে তিন নম্বর পজিশনে ব্যাট করছেন ভয়ডরহীন ক্রিকেট খেলা সাব্বির রহমান রুম্মন। সেখানে বেশ ভালোই সফল বলা চলে রাজশাহীর এই তরুণ ক্রিকেটারকে। সাব্বিরকে জায়গা দিতেই সাকিবকে এক ধাপ পিছিয়ে যেতে হয়েছে। এই কারণে পিছিয়ে গেছেন মুশফিক-রিয়াদও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। পাঁচ নম্বরে নেমে রিয়াদ এই ইনিংসটি খেলেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে ইনফর্ম একজন ব্যাটসম্যানকে এতো পেছনে খেলানোর কারণ কী হতে পারে। সাকিব বলেন, ‘এটা সম্পূর্ণ কোচ ও অধিনায়কের বিষয়। মাহমুদউল্লাহকে কোথায় খেলাতে হবে সেটা তারাই ঠিক করবেন। সে অনেক ম্যাচে ৫ নম্বরে ব্যাটিংয়ে করে আসছে। অনেক সময় কম্বিনেশন ও পরিস্থিতির উপরও অনেক কিছু নির্ভর করে। আমি মনে করি নির্দিষ্ট দিনে ওই ক্রিকেটারের থেকে দল কী প্রত্যাশা করে সেটাই গুরুত্বপূর্ণ।’
/আরআই/এমআর/








