দুই দশকেরও বেশি সময় পর দর্শকদের গ্যালারিতে বাইরের খাবার নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল দর্শকদের সুবিধা নিশ্চিত করা। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি অনেকে। ম্যাচ শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারির চিত্র ছিল হতাশাজনক—চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল খাবারের প্যাকেট, বোতল, কাগজসহ নানান আবর্জনা। গ্যালারির পরিবেশ রীতিমতো হয়ে উঠেছিল একটি ময়লার ভাগাড়ের মতো। শুধু এই কারণেই নয়, বিশেষ নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার বিবৃতিতে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোনও প্রকার খাবার ও পানীয় নিয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সম্মানিত দর্শকদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিনীত অনুরোধ জানিয়েছে।
ঠিক কী কারণে এক ম্যাচ পরই সিদ্ধান্ত প্রত্যাহার করলো বিসিবি? এ ব্যাপারে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমন মিঠু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই সিরিজে নিরাপত্তার দায়িত্ব আছেন সেনাবাহিনী। তাদের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে, দ্বিতীয় ম্যাচ থেকে দর্শকের চাপ আরও বাড়তে পারে। তাই নিরাপত্তা শঙ্কা এড়াতে তারা আমাদের বলেছে, বাকি দুই ম্যাচে খাবার-পানি নিয়ে ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত বদলানো যায় কি না। এই কারণে আমরা সিদ্ধান্ত বদল করেছি।’
মিঠু আরও বলেছেন, ‘আমাদের ইচ্ছা ছিল, এই নিয়মটা সবসময় চালু রাখার। দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। কিন্তু প্রথম দিনেই যেভাবে গ্যালারিতে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমরা বাধ্য হয়েছি একটু পেছাতে। সামনে হয়তো আরও সুন্দর, নিয়মতান্ত্রিক কোনও বিকল্প বের করে দর্শকদের খাবার ও পানীয় নিয়ে মাঠে ঢোকার সুযোগ দেওয়ার চেষ্টা করবো। যেন সুবিধাটাও থাকে, আবার শৃঙ্খলাও বজায় থাকে।’








