রান তাড়ায় এক পর্যায়ে বিনা উইকেটে ৯৬ রান ছিল শ্রীলঙ্কার। সেখান থেকে হঠাৎ ধসে বিপদে পড়ে যায় সফরকারীরা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল ম্যাচ বুঝি হাত থেকে ফসকে যাচ্ছে! তার পর ৬ নম্বরে নেমে লঙ্কানদের উদ্ধার করেছেন কামিন্দু মেন্ডিস। ১৬ বলে তার অপরাজিত ৪১ রানের বিস্ফোরক ইনিংসে ভর করেই হারারেতে জিম্বাবুয়েকে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হারিয়েছে সফরকারী দল।
হঠাৎ ধসে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১২৫ রান। তখনও শেষ চার ওভারে দরকার ছিল ৪৬ রান। কিন্তু কামিন্দু চারটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তখন। জিম্বাবুয়ের পেসাররা ডেথ ওভারে লাইন ঠিক রাখতে পারেননি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৫ বল হাতে রেখে এবং ৪ উইকেট বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
এর আগে ১৭৬ রান তাড়া করতে নেমে টপ অর্ডারে পাথুম নিসাঙ্কা সফরের তৃতীয় হাফসেঞ্চুরি হাঁকিয়ে মজবুত ভিত গড়ে দেন। আরেক ওপেনার কুশল মেন্ডিসও উপহার দেন ৩৫ বলে ৩৮ রানের ইনিংস। তাতে ওপেনিংয়ে তারা যোগ করেন ৯৬।
শুরুতে টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের হয়ে ব্রায়ান বেনেট ৫৭ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাতে ভর করেই ৭ উইকেটে ১৭৫ রান তুলে জিম্বাবুয়ে।পরিস্থিতি অনুযায়ী এটি ছিল চ্যালেঞ্জিং স্কোর। লঙ্কানদের হয়ে ৩০ রানে ৩টি উইকেট নেন দুশমন্থ চামিরা।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে শুধু রিচার্ড এনগারাভা তুলনামূলকভাবে কৃপণ বল করতে পেরেছিলেন। ১৯ রানে নেন ২ উইকেট।








