মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ছিল অন্যরকমের মিলনমেলা। সাবেক ক্রিকেটাররা উৎসবে শামিল হয়েছিলেন। আর তা হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন ঘিরে। সেখানে অন্যতম আকর্ষণ ছিলেন তামিম ইকবাল। ভোট দিতে এসে নির্বাচন অংশ না নেওয়া নিয়ে কথা বলেছেন তিনি।
সাদা পাঞ্জাবি পরে ভোট দিয়ে তামিম বলেছেন, ‘আপনারাও জানেন আমি কী কারণে (কোয়াব নির্বাচন) করিনি। আশা করি, আপনারা বুঝতে পারবেন।’
কোয়াবের নির্বাচনে না থাকলেও তামিম বিসিবির নির্বাচনের অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিসিবির পরিচালক বা সভাপতি হয়ে গেলে স্বার্থের সংঘাত হতে পারে। তাই আর কোয়াবের নির্বাচনে অংশ নেননি তামিম। তবে কোয়াব নিয়ে সাবেক অধিনায়ক বলেছেন, ‘এখানে অনেক কিছু আছে যা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এমন হতে পারতো, অমন হতে পারতো... আমাদের মূল ইচ্ছা ছিল নির্বাচনটা হয়ে যাক, কমিটি হয়ে যাক। তারপর তাদের হাতে ২ বছর সময় থাকবে। এর মধ্যে সব সিস্টেমেটিকভাবে করে ফেলতে হবে। এখন পর্যন্ত খুব ভালো লাগছে।’








